আদিতমারীতে বিদ্যালয়ে আগুন ॥ পুড়ে ছাই দুটি শ্রেণিকক্ষ

আদিতমারীতে বিদ্যালয়ে আগুন ॥ পুড়ে ছাই দুটি শ্রেণিকক্ষ

লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের কেবি বালিকা বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যালয় চলাকালে আকস্মিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে দুটি শ্রেণিকক্ষ। এ সময় আতঙ্কিত হয়ে পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার (১২মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেণির দুটি ক্লাসরুমে আগুনের সূত্রপাত। এ সময় ওই শ্রেণিকক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে শ্রেণিকক্ষে আগুন দেখে আতঙ্কিত হয়ে শ্রেণিকক্ষ থেকে ছাত্রীরা বাইরে বেরিয়ে আসে। কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর প্রতিষ্ঠান প্রধানকে ক্ষয়ক্ষতির তালিকা করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *