কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ॥ নিহত ৫ ॥ আহত ১৫

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ॥ নিহত ৫ ॥ আহত ১৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার ভোরে উপজেলার বসন্তপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন-কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০) ও চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)। বাকিদের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. লোকমান হোসেন জানান, রিল্যাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে বসন্তপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আর আহত ১৫ জনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থলে কথা হয় চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব অফিসার বিপ্লব কুমার নাথের সঙ্গে। তিনি বলেন, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ চন্দ্র সাহা বলেন, রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ওই পাঁচজন নিহত হয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *