আওয়ামীলীগের পূর্বঘোষিত শোক মিছিল কর্মসূচি স্থগিত
সারাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আওয়ামীলীগের পূর্বঘোষিত শোক মিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে দলটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে শনিবার (৩ আগস্ট) আওয়ামীলীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল স্থগিত করা হয়েছে। এদিকে, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আন্দোলনের নামে জামায়াত-শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রাতে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যে সন্ত্রাস ও সহিংসতা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, জেলা আওয়ামীলীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলা চালিয়েছে। তিনি বলেন, এরা খুলনায় পুলিশ বাহিনীর সদস্যদের ওপর হামলা করে পুলিশের একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। এছাড়াও জামায়াত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।
Leave a Reply