নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত ঘটনায় আরও এক আসামী গ্রেফতার
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের ঘটনায় নূরন্নবী (৪৫) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১৭০ আসামির মধ্যে এ পর্যন্ত মোট ৫ জন গ্রেফতার হলো। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান। গ্রেফতারকৃত নূরন্নবী নড়াইল সদরের গোবরা এলাকার ফয়েজ চৌকিদারের ছেলে এবং ভাড়ায় মোটরসাইকেল চালান। পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে ভারতের বির্তকিত রাজনৈতিক নেত্রী নূপুর শর্মার ছবি ব্যবহার করে লেখে- প্রণাম নিও বস ‘নূপুর শর্মা’ জয় শ্রীরাম। এ পোস্ট দেয়ার পর গত ১৮ জুন সকালে কলেজে আসেন রাহুল। এরপর তার বন্ধুরা পোস্টটি মুছে ফেলতে বললেও তা মুছেননি রাহুল। শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানান। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ এনে বিক্ষুদ্ধ জনতা ১৮ জুন বিকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়কে গলায় জুতার মালা পড়িয়ে প্রতিবাদ জানান। এ সময়ে কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন।

Leave a Reply