রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারের ২ কমিটি

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারের ২ কমিটি

বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসাসহ নানা কারণে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করতে দুই কমিটি গঠন করেছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের কমিটিতে সভাপতি করা হয়েছে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে। আর জেলা পর্যায়ের কমিটির সভাপতি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। মন্ত্রণালয়ের কমিটির সদস্য চারজন, একজন সদস্য সচিব। জেলার কমিটির সদস্য দুজন, একজন সদস্য সচিব।
নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সাথে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি দাখিল করতে হবে।
এতে বলা হয়, জেলা কমিটির কাছে যদি প্রতীয়মান হয় যে, মামলাটি রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে হয়রানির জন্য দায়ের করা হয়েছে, তাহলে মামলাটি প্রত্যাহারের জন্য কমিটি সরকারের নিকট সুপারিশ করবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, জেলা কমিটির কাছ থেকে সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয়ের কমিটি সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে উদ্যোগ নেবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *