গোবিন্দগঞ্জে আল্লাহকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আল্লাহকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ঈমামকে কুপিয়ে জখম করেছে আমিরুল ইসলামসহ তার দুই সহযোগী। এ ঘটনায় স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখে। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামের রাজু মিয়ার কাছ থেকে কিছুদিন আগে একই গ্রামের আমিরুল ইসলাম টাকা ধার নেয়। বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আমিরুল ও তার দুই সহযোগী চাঁপড়ীগঞ্জ বাজারে অবস্থিত রাজু মিয়ার মুদির দোকানে গেলে ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমিরুল ইসলাম ও তার সাথে থাকা দুই যুবক ক্ষিপ্ত হয়ে আল্লাহকে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তি করে। এ সময় সেখানে থাকা চকপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ হেদায়েতুল ইসলাম এ ঘটনার প্রতিবাদ করলে আমিরুল ইসলাম ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওই মুয়াজ্জিনকে মারধর করে কুপিয়ে জখম করে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসার আগেই কটুক্তিকারীরা সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা আহত মুয়াজ্জিনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আল্লাহকে কটুক্তি করার ঘটনাটি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন চাঁপড়ীগঞ্জ বাজারে এসে বিক্ষুব্ধ হয়ে কটুক্তিকারী আমিরুল ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আল্লাহকে নিয়ে কটুক্তিকারী আমিরুলসহ তার দুই সহযোগিকে গ্রেপ্তার করে। দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধকারীরা প্রায় আধাঘন্টা পর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেয়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি-তবে কটুক্তিকারী যুবকদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply