৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ও দেশীয় মদসহ আটক-২
কক্সবাজারের টেকনাফ থানার হাবিরছড়া উত্তর লম্বরী এলাকায় একটি যৌথ অভিযানে ৪ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় মদসহ ২ জন আটক হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে কক্সবাজারের টেকনাফ থানার হাবিরছড়া উত্তর লম্বরী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একজন সন্দেহজনক মোটর সাইকেল আরোহীকে তল্লাশী করে বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২০) কে আটক করা হয়। অপরদিকে, একইসময় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২০ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ ও ইজিবাইকসহ মাদক কারবারী ওমর ফারুক (২৭) কে আটক করা হয়। মাদক পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পা কেটে যায়। প্রাথমিক চিকিৎসা প্রদান করত উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় তাদের। জব্দকৃত মাদকদ্রব্য, মোটর সাইকেল, ইজিবাইক ও সকল আলামতসহ আটককৃত মাদক কারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply