দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা ॥ নিহত ৫

দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা ॥ নিহত ৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার নিমতলা মর্ডান গার্ডেন সিটির সামনে এই দুর্ঘটনায় ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে গেলে সেটি মহাসড়কের পাশে থামিয়ে মেরামত করা হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের এক নারী যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও চার জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং অন্যান্য আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সিরাজদিখান উপজেলা ফায়ার সার্ভিসের ওয়ারলেন্স অফিসার মো. আরিফ আনোয়ার জানান, তাদের পৌঁছানোর আগেই হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সটি চাকা পাংচার হওয়ায় থামে এবং মেরামতের সময় দক্ষিণবঙ্গগামী একটি বাস এসে অ্যাম্বুলেন্সের যাত্রীদের চাপা দেয়। হাষাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *