লালমনিরহাটে গাছের চারা বিতরণ ও সবুজায়ন অভিযান

লালমনিরহাটে গাছের চারা বিতরণ ও সবুজায়ন অভিযান

‘সবুজ গ্রাম আমাদের অভিযান, আমার গাছ আমার দায়িত্ব’ প্রতিপাদ্যে রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (রোজ) সামাজিক সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ওয়াবদা বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। বর্ষাকাল গাছ রোপণের সবচেয়ে উপযুক্ত সময় বিবেচনা করে সংস্থাটির পক্ষ থেকে কর্মসূচির আওতায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক, যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গাছের চারা রোপণে অংশ নেয়।
উত্তর বাংলা কলেজের সহকারী অধ্যাপক মো: জিল্লুর রহমান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,”সবুজ গ্রাম গড়তে সামাজিক সংগঠন ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। রোজ-এর এই উদ্যোগ অনুকরণীয়।” কাকিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো: হুমায়ন কবীর বাবু বলেন, গাছ আমাদের অক্সিজেনের উৎস, প্রাকৃতিক বিপর্যয় রোধে সহায়ক। প্রত্যেকের উচিত নিজের রোপণ করা গাছের দায়িত্ব নেওয়া এবং গ্রামকে সবুজে ভরিয়ে তোলা। তিনি এলাকাবাসীকে গাছের যত্ন নেওয়ারও আহ্বান জানান। সংস্থার সভাপতি মো: শফীকুল ইসলাম বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং গ্রামীণ জনগণকে পরিবেশ সচেতন করে তোলা। তিনি আরও বলেন, গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশ রক্ষা করে, ছায়া দেয়, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলে। তাই আসুন, আমরা সকলে মিলে অন্তত একটি করে গাছ লাগাই এবং সেটার যত্ন নেই। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গাছ রোপণের পাশাপাশি পরিবেশ সুরক্ষার শপথ নেন এবং আগামীতেও নিয়মিত গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন। রোজ এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক গাছের চারা বিতরণ ও পরিবেশ-সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে এবং এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রোজ কর্তৃপক্ষ। অনেকেই নিজ উদ্যোগে চারা গ্রহণ করে তা রোপণের অঙ্গীকার করেন। এভাবে একটি পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই এগিয়ে চলছে রোজ’র সবুজায়ন গ্রাম অভিযান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *