চুয়াডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন
চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দীন আহমেদ ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল আলম, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। শেষে তামাক বিরোধী রচনা প্রতিযোগীতায় বিজয়ী ৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply