নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন হয়েছে। এবারের প্রতিবাদ্য বিষয় হলো ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’। বুধবার উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আহমেদ রায়হান শরীফের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন হয়। এই কর্মসূচির উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাওসার আলী, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদের, মেডিসিন কনসালটেন্ট ডা. আতিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানাসহ বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের স্বাস্থ্যকর্মী,সেবাগ্রহীতা, সাংবাদিকবৃন্দ ও অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতি শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে ডা. আহমদ রায়হান শরীফ বলেন, সুস্থ থাকার প্রধান শর্তই হলো পুষ্টিকর খাবার। তিনি সুস্থ থাকার প্রধান শর্ত হিসেবে পুষ্টিকর খাবারের বিভিন্ন গুণাবলী সম্পর্কে উপস্থিত সকলের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়াও তিনি ৭দিনের গৃহীত কর্মসূচির কথা আলোকপাত করেন। ৭দিনের কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি মেলা, র্যালি, শিশু পুষ্টি বিষয়ক আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হতদরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ, বিভিন্ন উপাসনালয়ে পুষ্টি বিষয়ক আলোচনা, শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বার্তা অবহিতকরণ ও কুইজ প্রতিযোগিতা, মা সমাবেশের আয়োজন, শিশু, মা, গর্ভবতী নারীর খাদ্য ও পুষ্টির সঠিক চাহিদা পূরণের বিষয় অবহিতকরণ, প্রবীণ পুষ্টি বিষয়ক আলোচনা ও প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা ও সবশেষে সপ্তম দিনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া বলেন, দেশের সাধারণ জনগণ পুষ্টি বিষয়ে তেমন সচেতন নয়, তাই আমাদের দেশে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ঝুঁকি রয়েই গেছে। পুষ্টি বিষয়ে সকলকে অবহিত করতে পারলে স্বাস্থ্য সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

Leave a Reply