ফরিদপুরের সালথায় ভারী বৃষ্টিতে ব্রিজে ধ্বস ॥ জনদুর্ভোগ চরমে
ফরিদপুরের সালথা উপজেলায় ভারী বৃষ্টির ফলে একটি ব্রিজ ধসে পড়েছে। সালথা-মোন্তারামোড় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খালের ওপর নির্মিত পুরোনো ব্রিজটি অতিরিক্ত পানি ও স্রোতের কারণে ভেঙে পড়ে। প্রায় ২৫ বছর আগে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এই ব্রিজটি দিয়ে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতেন। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে লোকজনকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। দ্রুতই মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সমস্যা সমাধান হবে। স্থানীয়দের দাবি, যেহেতু ব্রিজটি জনগুরুত্বপূর্ণ একটি অবকাঠামো, তাই দ্রুত সংস্কার না হলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে।

Leave a Reply