‘নির্বাচন যখনই হোক, আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত’-স্বরাষ্ট্র উপদেষ্টা

‘নির্বাচন যখনই হোক, আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত’-স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক না কেন, নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (১৫ জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো সেই তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়তা করতে প্রস্তুত।’ পুলিশ কাঙ্ক্ষিত পর্যায়ে সক্রিয় কি না-এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি মনে করেন যে সক্রিয় থাকার অর্থ পুলিশ সব সময় মানুষকে মারধর করবে-যেমনটা গত ১৫ বছরে ঘটতে দেখেছি-তাহলে আমরা সেই পুলিশ বাহিনী চাই না। আমরা একটি জনবান্ধব পুলিশ বাহিনী চাই। তিনি আরো বলেন, ‘পুলিশ নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করে তাদের কর্তব্য পালন করবে। তারা এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয়।’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *