অনিয়মের অভিযোগে নাচোল পৌরসভার ড্রেন নির্মাণকাজ বন্ধ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌরসভার পানি নিস্কাশনের জন্য ড্রেনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগে চলমান কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী, অপর্যাপ্ত উপকরণসহ নানা অনিয়ম রয়েছে এ চলমান পানি নিস্কাশন ড্রেনের কাজে। উপজেলার মুরাদপুর যুব সমাজ সেবা সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ড্রেনের দু’দিকের দেওয়াল এর উপর প্লেট(স্ল্যাব)’র নির্মান কাজে অনিয়মের অভিযোগে ঢালাই কাজ বন্ধ করা হয়েছে। তিনি আরও জানান, দেওয়াল ও স্ল্যাবের মধ্যের ফাঁকা স্থানে কোন রড বাইন্ডিং না করেই ঢালাই কাজ করে দায়সারা কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খালেক এন্টারপ্রাইজ। মুরাদপুর যুব সমাজসেবা সংগঠনের অর্থসম্পাদক আব্দুর রাকিব,

সদস্য মাহিদুর রহমান ও ওই গ্রামের আব্দুল খালেক অভিযোগ করে বলেন, প্রায় ৫ বছর যাবৎ চলমান কাজ অনিয়ম ও দূর্ণীতির জন্য পড়ে রয়েছে। বর্তমান সরকারের সময়ে কাজের গতি খুবই ধীরগতি ও কাজের মানও খুবই নিন্মমানের। এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম জানান, সরকারের জনস্বাস্থ্য বিভাগের সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ২ কিলোমিটার ড্রেন নির্মানের কাজ পায় মেসার্স খালেক এন্টারপ্রাইজ। কাজের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়। সঠিক সময়ে কাজ সম্পন্ন হয়নি বিধায় বর্ধিত সময়ে কাজ চলছে। মুরাদপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন স্থানে কারিগরি কারণে রাস্তা থেকে ড্রেনের টপ উঁচু করায় ওয়ালের রডের ঘাটতি পড়েছে। ঢালায়ের সময় ওয়ালের টপ ও স্ল্যাবের মধ্যবর্তী ফাঁকা স্থানে রড বেঁধে ঢালাই করার কথা, কিন্তু নির্মান শ্রমিকেরা কাজে গাফেলতির কারণে এ জটিলতার সৃষ্টি হয়েছে। ভালভাবে রড বেঁধে ঢালাই করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনক্রমেই ময়লা পানি দিয়ে মিক্সার করা যেন না হয় সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply