গোলাম মাওলা রনি মিথ্যাচার করছেন-প্রেস সচিব

গোলাম মাওলা রনি মিথ্যাচার করছেন-প্রেস সচিব

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি অভিযোগ করেছেন, রনি এখন টেলিভিশন টকশো ও ইউটিউব ভিডিওগুলোতে মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুল আলম এই মন্তব্য করেন। শফিকুল আলম উল্লেখ করেন, গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। তিনি বলেন, সম্প্রতি সময় টিভির এক টকশোতে রনি দাবি করেছেন যে, নূর হোসেন যিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ, তিনি নাকি জনতার হাতে নিহত হয়েছেন! এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস সচিব লেখেন, আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে। প্রশ্ন হচ্ছে, রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন? প্রেস সচিব ওই টকশোর উপস্থাপকেরও সমালোচনা করে বলেন, দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। ‘যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন’।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *