চাঁপাইনবাবগঞ্জে জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি ॥ নতুন ভর্তি ৪১ ॥ আক্রান্ত ছাড়াল ১৫০০!
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে জটিল আকার ধারণ করছে। ১৫ জুলাই (সোমবার) ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, একদিনেই নতুন করে ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২ জন পুরুষ, ২৫ জন মহিলা এবং ৪ জন শিশু রয়েছে। এর আগের দিন পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ছিল ৫৫ জন। এদিন ৩৪ জন রোগীকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয় এবং একজন মহিলা রোগীকে রেফার্ড করা হয়েছে। তবে স্বস্তির খবর, এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন, যাদের মধ্যে ২২ জন পুরুষ, ৩৩ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে। ডেঙ্গু পরিসংখ্যান (জানুয়ারি ২০২৫-১৫ জুলাই ২০২৫) সর্বমোট নতুন ভর্তিঃ ১০০১ জন,

বহির্বিভাগে সনাক্তঃ নতুন ৩৬, মোট ৫১৪ মোট মৃত্যু: ০। বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ায় ডেঙ্গুর এই বিস্তার অপ্রত্যাশিত নয়। তবুও এমন হারে প্রতিদিন রোগী ভর্তি হওয়ায় উদ্বিগ্ন জনস্বাস্থ্য বিভাগ। দ্রুততম সময়ের মধ্যে মশা নিধন কার্যক্রম জোরদার করা ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। জেলা হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও, এই গতি অব্যাহত থাকলে তা শিগগিরই বিপজ্জনক রূপ নিতে পারে। এ অবস্থায় সবাইকে মশার বিস্তার রোধে সচেতন হওয়ার এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply