গোপালগঞ্জে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হামলার জন্য তারা ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে’ দায়ী করে দ্রুত দোষীদের বিচার এবং সংগঠনটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টা ১৫ মিনিটে শহরের বড় ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল জুড়ে ছিল ‘ছাত্রলীগের দুঃশাসনের অবসান চাই’, ‘রাজনৈতিক সন্ত্রাস বন্ধ কর’এমন সব শ্লোগান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চলের পরিচালক মাওঃ আব্দুস সবুর,

জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীও সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমসহ জামায়াতের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। নেতারা বলেন, “গণতান্ত্রিক অধিকারকে কণ্ঠরোধ করতে ছাত্রলীগ যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর বর্বর হামলা চালাচ্ছে, তা ফ্যাসিবাদী শাসনের নগ্ন প্রকাশ।” তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ ধরনের দমনমূলক আচরণ চলতে থাকলে দেশের প্রতিটি জেলা থেকে ফুঁসে উঠবে জনগণ।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *