‘ফ্যাসিবাদ ও মুজিববাদের’ বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে-নাহিদ
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের’ বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলা-মামলা দিয়ে এনসিপিকে রোখা যাবে না। গোপালগঞ্জে হামলা হয়েছে, তবে আরও দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ-মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সুপার মার্কেটে এনসিপির পথসভায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের পুনর্গঠনের পথে সামনে আরও একটি বড় লড়াই আসছে জানিয়ে নাহিদ বলেন, সামনের এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সেই লড়াইয়ে মুন্সীগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। বক্তৃতায় মুন্সীগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু দখলসহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এই নেতা। একইসঙ্গে ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে, তা নিশ্চিত করার অঙ্গিকার করেন তিনি। পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে। দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে, তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া ৩ অগাস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করে নেয়া হবে। এনসিপির এই পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সভাস্থল ছাড়াও আশপাশের মোড়ে আইনশৃঙ্খলার সদস্যরা মোতায়েন করা হয়। এর আগে মুন্সীগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা সুপার মার্কেটের শহীদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

Leave a Reply