ভোলাহাটে বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী তাণ্ডব! থানায় মামলা

ভোলাহাটে বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী তাণ্ডব! থানায় মামলা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপি’র দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে চেয়ার-টেবিলসহ কার্যালয়ের আসবাবপত্র। রেহাই পায়নি অফিসের দেয়ালে ঝোলানো দলীয় নেতাদের ছবি ও সাইনবোর্ডও। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে, উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বৃহত্তর বজরাটেক এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপি কার্যালয়ে। রাতের অন্ধকারে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে চলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে বিএনপি নেতাকর্মীরা। দলটির স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ নুর আলম অভিযোগ করে বলেন, “আমরা কিছু প্রমাণ পেয়েছি, এই হামলায় স্থানীয় আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী সরাসরি জড়িত। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার চাই। তিনি আরও জানান, এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম শনিবার বিকেলে জানান, এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে (২৬ জুলাই) ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে, এলাকাজুড়ে ঘটনাটি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *