সমাজ পরিবর্তনের অঙ্গীকারে শিবগঞ্জে ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’
“সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যের মানবিক দর্শন” এই মূল প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল)’ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকাল থেকে সারাদেশের সঙ্গে একযোগে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয় শিবগঞ্জ। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে অংশগ্রহণকারীরা সমাজ গঠনের শপথ পাঠে অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে কুলসুম, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সমাজের নানা পেশার প্রতিনিধি। বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে সমাজের প্রান্তিক, নারী ও শিশুবান্ধব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বৈষম্য ও সহিংসতামুক্ত একটি সমাজ গঠনে সম্মিলিতভাবে এগিয়ে আসার বিকল্প নেই। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

Leave a Reply