নাটোরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবার ॥ বাবার হাতে ছেলে খুন
নাটোরের সিংড়া উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের ছেলেকে হাসুয়া দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম (৩০) ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। শরিফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর তার বাবা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সঞ্জয় কুমার সরকার রবিবার সকালে বিষয়টি সংবাদিকদের নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, শরিফুল ইসলাম মাদকাসক্ত ছিল। এ নিয়ে তাদের পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। মাদকের টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে খারাপ আচরণ করত শরিফুল। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশও হলেও মাদক ছাড়েনি শরিফুল। এর জেরে শনিবার বিকেলে বাবা-ছেলের বাকবিতণ্ডা শুরু হয়ে রাত পর্যন্ত চলতে থাকে। এক পর্যায়ে শহিদুল হাসুয়া দিয়ে শরিফুলের ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার বলেন, নিহতের মরদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, বাবার ধারালো অস্ত্রের আঘাতেই ছেলের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার পর থেকে শহিদুল ইসলাম পলাতক রয়েছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply