নেত্রকোনায় বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড
নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলার সীমান্ত নদ মহাদের থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এসময় মহাদেও নদের বালু উত্তোলনের দায়ে তিনজনকে এই কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে সাজাপ্রাপ্তদের নেত্রকোনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে কলমাকান্দা থানার পুলিশ। সাজাপ্রাপ্তরা হলেন, রংছাতি ইউনিয়নের নল্লাপাড়ার মো. আবু চান মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২১) ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. পলাশ মিয়া (৩০) এবং কলমাকান্দা ইউনিয়নের চারিকুম পাড়ার মো. জয়নাল মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৫)। তাদের প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সীমান্তবর্তী নদীগুলোতে বালু চুরি ঠেকাতে এই অভিযান চলবে বলেও জানান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্তদের দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply