ঢাকায় ২৫-২৮ আগস্ট ৫৬তম সীমান্ত বিজিবি-বিএসএফ সম্মেলন

ঢাকায় ২৫-২৮ আগস্ট ৫৬তম সীমান্ত বিজিবি-বিএসএফ সম্মেলন

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৬তম সীমান্ত সম্মেলন। আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এটি ভারত থেকে আসা প্রথম কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। জানা গেছে, সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানো এবং সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। আলোচনার বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, চোরাচালান ও মানব পাচারসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমন। উভয় বাহিনী এই ধরনের অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেয়া। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সংক্রান্ত বিষয়গুলোও নিয়ে আলোচনা। বিশেষ করে, সীমান্ত রেখার সঙ্গে এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি নিয়ে দুই পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরবে। সম্মেলনে বাংলাদেশে আশ্রয় নেওয়া ভারতবিরোধী বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিয়েও আরও আলোচনা হবে। ভারত দীর্ঘদিন ধরে এই বিষয়টি বাংলাদেশের কাছে তুলে ধরে আসছে এবং আসন্ন সম্মেলনেও এ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, সীমান্ত এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিষয়, যেমন-সড়ক ও সেতু নির্মাণ এবং চেকপোস্টের আধুনিকায়ন। আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি)-এর বাস্তবায়ন। এই পরিকল্পনা অনুযায়ী, সীমান্তে যৌথ টহল ও নজরদারি বাড়ানো এবং দ্রুত তথ্য বিনিময়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়। সম মিলিয়ে পারস্পরিক আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি এই সম্মেলনের একটি মূল লক্ষ্য। উভয় বাহিনী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে সম্পর্ক জোরদার করতে চায়। এই সম্মেলন দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করছেন বিশিষ্টজনেরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *