শিবগঞ্জে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

শিবগঞ্জে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী। এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ৪শ’ কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘খরিপ-২ মৌসুম ২০২৪-২৫’-এ মাসকলাইয়ের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদি প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া জানান, মাসকলাই দেশের অন্যতম জনপ্রিয় ডালজাতীয় ফসল। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং স্বল্প সময়ে উৎপাদনযোগ্য হওয়ায় কৃষকদের কাছে বেশ লাভজনক। এ কারণে কৃষকদের মধ্যে মাসকলাই চাষে আগ্রহ বাড়ছে। তিনি বলেন, “সরকার কৃষি বান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে, যা উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” কৃষকরা জানান, সরকারের এ ধরনের সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা আশা করেন, এ প্রণোদনার ফলে খরিপ মৌসুমে মাসকলাইয়ের উৎপাদন বৃদ্ধি পাবে এবং চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে সরবরাহও বাড়বে। সরকারি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের সহায়তা অব্যাহত থাকলে শিবগঞ্জসহ পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাসকলাইসহ ডালজাতীয় ফসলের আবাদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে স্থানীয় কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *