পি.আর সহ ৫ দফা দাবিতে নাচোলে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরুহয়ে। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমীর ডা. মিজানুর রহমান। প্রধান অতিথি ডা. মিজানুর রহমান বলেন, “২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছেন। এরপর ছাত্র-জনতার আকাক্সক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণই ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে।” তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনে ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে রয়েছে। তিনি পিআর বাস্তবায়নের জন্য গণভোটের দাবি জানিয়ে বলেন, “গণভোটের মাধ্যমে যাচাই করুন রায় পিআরের পক্ষে আছে নাকি বিপক্ষে। জনগণ যদি পিআর মানে, তাহলে আপনাদেরও মানতে হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণভোটের রায় যদি পিআরের বিপক্ষে যায়, তবে আমরা মেনে নেবো না। কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে।” পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি বেশীশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট ও সরকার গঠন হয়, তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই, তাই তারা পিআর ঠেকাতে চায়।” ড. মিজানুর রহমান জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ইয়াহ্ইয়া খালেদ, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম, সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং পৌর নায়েবে আমীর ডা. রফিকুল ইসলামসহ অন্যরা। এসময় জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply