রাজশাহীসহ তিন জেলায় দূরপাল্লার বাস বন্ধ ॥ যাত্রীদের ভোগান্তি চরমে
উত্তরাঞ্চলের তিন জেলা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে বাস মালিকপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করলে ভোগান্তিতে পড়েন হাজারো সাধারণ যাত্রী। প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন সুরাহা হয়নি, স্বাভাবিক হয়নি বাস চলাচল। জরুরি প্রয়োজনে যাত্রীরা বাধ্য হয়ে বিভিন্ন স্থানীয় যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।

চাঁপাইনবাবগঞ্জ সদরের যাত্রী আব্দুল মালেক জানান, সাধারণত ঢাকায় যেতে তাঁর ভাড়া লাগে ৮৩০ টাকা। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ঘুরে ঢাকায় পৌঁছাতে হয়েছে তাঁকে। এ যাত্রায় ভাড়া লেগেছে ১ হাজার ৭০ টাকা এবং সময়ও গুনতে হয়েছে দ্বিগুণের বেশি। স্থানীয় বাসচালক ও শ্রমিকরা জানিয়েছেন, একতা ট্রান্সপোর্ট ও কয়েকটি লোকাল রুট ছাড়া সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির পরেও নতুন করে মালিক-শ্রমিক দ্বন্দ্বে এই অচলাবস্থা তৈরি হয়েছে। উত্তরবঙ্গ বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, সম্প্রতি চালক ও শ্রমিকদের বেতন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। চালকদের দৈনিক পারিশ্রমিক ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭৫০ টাকা করা হয়েছে।

তবে শ্রমিকদের খোরাকি বাবদ অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়ে মালিকপক্ষের আপত্তির জের ধরেই বাস বন্ধের ঘোষণা আসে। এদিকে, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শ্রমিকদের সব দাবি প্রায় মেনে নেওয়া হলেও খোরাকির টাকা নিয়েই মূল জটিলতা তৈরি হয়েছে। এর আগেও ৭ সেপ্টেম্বর শ্রমিকরা ধর্মঘট করলে দুই দিন পর আলোচনায় সমাধান হয়েছিল। এবার মালিকপক্ষই বাস চলাচল বন্ধ করে যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা বলছেন, এভাবে হঠাৎ ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে জিম্মি করা অন্যায়। তাঁরা বিষয়টি সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Leave a Reply