অপহরণ মামলায় গ্রেপ্তার মিথেল, নির্দোষ দাবি করে সুষ্ঠু তদন্তের আহ্বান পরিবারের

অপহরণ মামলায় গ্রেপ্তার মিথেল, নির্দোষ দাবি করে সুষ্ঠু তদন্তের আহ্বান পরিবারের

নাটোরের বাগাতিপাড়ায় কলেজ ছাত্রীসহ তিনজনকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মাহাবুবুর রহমান মিথেল (৩০)-এর পরিবার অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাজানো হয়েছে এবং মিথেল এ বিষয়ে সম্পূর্ণ নির্দোষ। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার টুনিপাড়া ও রহিমানপুর এলাকা থেকে তিনজনকে মোটর সাইকেলে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ মামলা করে ১ অক্টোবর রাতে মিথেলকে বড়পুকুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তবে মিথেলের পরিবার বলছে, ঘটনার দিন মিথেল স্থানীয়ভাবে স্বাভাবিক সময় কাটিয়েছেন এবং কোনো প্রকার অপহরণ বা জোরপূর্বক কাউকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। মিথেলের বড় ভাই বলেন, “আমার ভাই একজন শিক্ষিত ও শান্ত স্বভাবের মানুষ। স্থানীয় পর্যায়ে তার কোনো বিরূপ আচরণের রেকর্ড নেই। যাদের নিয়ে অভিযোগ তোলা হয়েছে, তাদের সঙ্গে পূর্ব পরিচয় থাকলেও অপহরণের মতো কাজের সঙ্গে সে যুক্ত নয়।” স্থানীয় কয়েকজন বাসিন্দাও দাবি করেছেন, মিথেল দীর্ঘদিন ধরেই এলাকায় সুনামের সঙ্গে বসবাস করছেন এবং কখনো এমন কোনো অপ্রীতিকর ঘটনায় জড়িত ছিলেন না। মিথেলের পরিবারের অভিযোগ, ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় তাকে ফাঁসানো হয়ে থাকতে পারে। তারা বলেন, “আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং একজন নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হন।” এবিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, “অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত চলছে। এখনো ভিকটিমদের উদ্ধার অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।” অন্যদিকে, এলাকাজুড়ে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অভিযোগকারীদের পাশে থাকলেও, অনেকেই মিথেলের পক্ষে কথা বলছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিচ্ছেন। মামলার তদন্ত চলমান থাকায় প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *