গোমস্তাপুরে বিএনপির চার ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক গোমস্তাপুর ও রাধানগর ইউনিয়ন বিএনপির পূর্নাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া, রহনপুর ও বোয়ালিয়া ইউনিয়ন শাখা বিএনপি কমিটির সাধারণ সম্পাদক কে দলীয় পদসহ সকল কার্যক্রম থেকে অপসারণ করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ঠ ইউনিয়নগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন প্রভাবশালী নেতা দীর্ঘদিন ধরে দলবিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়েছিলেন। গোমস্তাপুর উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান ও সাধারণ সম্পাদক মোঃ মার্জুক আহমেদ দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা, তার পক্ষে অবস্থান গ্রহণ, সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার চালানো এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ না নিয়ে উল্টো নেতাকর্মীদের বাধা প্রদান করেন। অভিযোগে আরও বলা হয়, তাঁরা জেলা বিএনপির সিনিয়র নেতাদের উপস্থিতিতে ও সন্ত্রাসী আচরণ প্রদর্শন করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে প্রত্যক্ষ অংশ গ্রহণের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। অচিরেই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয় প্রেস নোটে।” একইভাবে, রাধানগর ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মোঃ আনিশুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ সামাউল হক বাবুল, দলীয় সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বহিষ্কৃত ব্যক্তির পক্ষে অবস্থান নেন এবং দলের কর্মসূচি বানচাল করার চেষ্টা করেন। তাঁরা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার প্রচারনা চালিয়ে দলের ভেতরে ও বাইরে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। জেলা ও উপজেলা বিএনপির তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় রাধানগর ইউনিয়ন শাখা বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়েছে। অন্যদিকে, রহনপুর ও বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওঠা অভিযোগ আরও মারাত্মক। তাঁরা দলীয় কর্মসূচি বর্জন করে বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে মিটিং-মিছিল চালিয়ে যান। শুধু তাই নয়, ছাত্র ও শিক্ষকদের জিম্মি করে মারধর, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে সম্পৃক্ততা, লুঙ্গি পরিহিত অবস্থায় লাঠি হাতে ত্রাস সৃষ্টিসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ফলে সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে রহনপুর ইউনিয়ন বিএপি শাখার সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমান ও বোয়ালিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রানাকে দলীয় পদসহ দলের সকল কার্যক্রম থেকে অপসারণ করা হয়েছে। গোমস্তাপুর উপজেলা বিএনপি কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ১২/১০/২০২৫ইং তারিখে আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ মোয়াজ্জেম হোসেন ও সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টুর যৌথ স্বাক্ষরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও বিশৃঙ্খলায় জড়িত থাকার অভিযোগে রাধানগর ও গোমস্তাপুর ইউনিয়নসহ দুই শাখা কমিটি বাতিল রহনপুর বোয়ালিয়ার সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে। “দলীয় আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না। যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের স্থান বিএনপিতে নেই। গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।” জানা গেছে, শিগগিরই গোমস্তাপুর, রাধানগর, রহনপুর ও বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে, যেখানে ত্যাগী, নিবেদিত ও সংগঠনের প্রতি অনুগত নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। দলীয় সূত্রে আরও জানা গেছে, গোমস্তাপুর উপজেলা বিএনপি সম্প্রতি গঠনতন্ত্র ও শৃঙ্খলা রক্ষায় শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। “দলবিরোধী কর্মকান্ডে জড়িত যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না”এমন বার্তাও দিয়েছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এ কঠোর পদক্ষেপ স্থানীয় পর্যায়ে দলীয় শুদ্ধি অভিযান হিসেবে দেখা যাচ্ছে, যা ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ায় সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করবে।

Leave a Reply