আলোকন ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ

আলোকন ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ

আলোকন ইসলামিক প্রি-ক্যাডেট স্কুল, একডালা, বাগাতিপাড়া, নাটোর-এ এক হৃদয়ছোঁয়া ও সুশৃঙ্খল অভিভাবক সমাবেশ হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত পরিচালক মনিরুজ্জামান মিন্টু। যিনি শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসারে অবিচল থেকে কাজ করে চলেছেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ-মুক্তার হোসেন ও জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তাঁরা স্কুলের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসিক, আচারিক ও চারিত্রিক গঠনে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন, চাঁদ মোহাম্মদ, যিনি বলেন, একটি শিশুর পরিপূর্ণ বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনায় শিক্ষার গুণগত মান, নৈতিকতা, শিশুর সার্বিক বিকাশে পারিবারিক ভূমিকা, এবং আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বিদ্যালয়ের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয়, যা সকলের মাঝে আশার আলো জাগায়। বিদ্যালয়ের পরিচালক মনিরুজ্জামান মিন্টু বলেন, “আমাদের স্কুলে আরবি, ইসলামিক স্টাডিজ, বাংলা ও ইংরেজি মিডিয়াম, এই তিন ধারার সমন্বয়ে শিক্ষা প্রদান করা হয়, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা আধুনিক জ্ঞান ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠে। তিনি বাগাতিপাড়া উপজেলা শিক্ষা অফিসার ও ইউএনও মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এ প্রতিষ্ঠানটি যাতে আরও উন্নয়নের সুযোগ পায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা একান্ত প্রয়োজন।” সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আলোকন ইসলামিক প্রি-ক্যাডেট স্কুল আগামীদিনে বাগাতিপাড়ার একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে-ইনশাআল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *