৫৯ বিজিবির সোনামসজিদ সীমান্তে অভিযান ॥ মাদকসহ আটক এক

৫৯ বিজিবির সোনামসজিদ সীমান্তে অভিযান ॥ মাদকসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে পৃথক দুটি অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি। বুধবার (৫ নভেম্বর) রাত থেকে সন্ধ্যা পর্যন্ত মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সদস্যরা এসব অভিযান পরিচালনা করে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাত ১০টায় বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাত ১টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে প্রায় ২ কিলোমিটার ভেতরে শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। অন্যদিকে, একইদিন সন্ধ্যা ৬টার দিকে দ্বিতীয় অভিযানে একই বিওপির সদস্যরা মোবারকপুর ইউনিয়নের লাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ১০৭ পিস ভারতীয় ইয়াবাসহ একজন চোরাকারবারীকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. রুবেল হোসেন (৩৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরদৌলতপুর গ্রামের মৃত গাউস উদ্দিনের ছেলে। এ সময় তার ব্যবহৃত একটি ১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ফেন্সিডিল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে এবং আটক রুবেল হোসেনের বিরুদ্ধে ইয়াবা আইনে মামলা দায়ের করা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোরভাবে কাজ করছে। মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে। তিনি সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং মাদকবিরোধী অভিযানে জনগণের সহযোগিতা কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *