চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযান ॥ ২ কেজি ৩’শ গ্রাম বিস্ফোরকসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযান ॥ ২ কেজি ৩’শ গ্রাম বিস্ফোরকসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২ কেজি ৩০০ গ্রাম বিস্ফোরক ও ককটেল তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে ৫৩ বিজিবি সদস্যরা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের বেলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি মো. মামুন (২০)। তিনি একই এলাকার বাবলু হকের ছেলে। এ ঘটনায় মামুনের ভাই মো. নয়ন (৩৫) পলাতক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জহুরপুরটেক বিওপির একটি টহলদল বুধবার দুপুরে বেলপাড়ার মামুনদের বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানে বাড়ির ভেতরে একটি মাটির তৈরি ধান রাখার গোলার উপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ কেজি ৩০০ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় মামুনকে আটক করা সম্ভব হলেও তার ভাই নয়ন পালিয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত বিস্ফোরক ও সরঞ্জাম ভারত থেকে আনা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *