রাজধানীতে আওয়ামীলীগের আরও ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামীলীগের ১৪টি মিছিলে জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বেশিরভাগকেই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল। মিছিলে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করার কথাও জানান তিনি। তিনি আরও বলেন, মেস-হোটেলে ভাড়াটিয়া তোলার ক্ষেত্রে ভোটার আইডি যাচাই, পরিবহন অরক্ষিত না রাখাসহ নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন নিরাপত্তা আরও বাড়ানো হবে। এসময় আইনজীবীদের আদালতে যেতে বাধা দেওয়ার সুযোগ নেই।

Leave a Reply