চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
বাংলাদেশ বর্ডার গার্ড-এর নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মজনু আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এলাকাটিতে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক পাচার, গরু চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং অন্যান্য সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির চলমান অভিযান আরও জোরদার করা হবে।
তিনি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।

Leave a Reply