চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের পর দুই বাংলাদেশি নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের তিন দিন ধরে দুই বাংলাদেশির কোনো খোঁজ নেই। রোববার রাতে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে জেনেছে, তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিখোঁজের বিষয়টি অস্বীকার করেছে।
নিখোঁজ দুই বাংলাদেশি হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিংকু (২৮) ও পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মোমিন মিয়া (২৯)।

স্থানীয়রা জানান, পাঁকা ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্ত দিয়ে রিংকু ও মোমিনসহ কয়েকজন ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে দেশে ফিরতে সক্ষম হলেও রিংকু ও মোমিন ভারতীয় ভূখণ্ডেই থেকে যান। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পাঁকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন বলেন, নিখোঁজ দুজন চোরাচালানে জড়িত থাকতে পারেন। তবে তাদের পরিবার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই বাংলাদেশি নিখোঁজের বিষয়টি জেনেছি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এমন কোনো ঘটনার কথা অস্বীকার করেছে।

Leave a Reply