নিয়ামতপু সাব রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদের ভিডিও ভাইরাল
নওগাঁর নিয়ামতপুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের কেরানি কামরুন্নাহারের ঘুষ লেনদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে তা ভাইরাল হয়। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নিয়ামতপুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দলিল সম্পাদনার কাজ করার সময় ঘুষ বাণিজ্যের ৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, সাব-রেজিস্ট্রার অফিসের কেরানি কামরুন্নাহার টেবিলের এক পাশে বসে রয়েছেন। অপর পাশে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন সেবাগ্রহীতারা। তাদের মধ্যে একজনের কাছ থেকে কৌশলে ঘুষের টাকা লেনদেন করছেন তিনি। গভীর রাত অবধি চলে দলিল সম্পাদনের কাজ। অতিরিক্ত অর্থ না দিলে দলিল সম্পাদন হয়না। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের কয়েকজন জানান, সাব-রেজিস্ট্রার অফিসে কাজের ক্ষেত্রে অর্থ লেনদেন হয়েই থাকে। যারা সাব-রেজিস্ট্রার অফিস নিয়ন্ত্রন করেন, তারা এসব টাকা নিয়ে থাকেন। দলিল প্রতি অতিরিক্ত টাকা না দিলে দলিল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। সাব রেজিস্ট্রার অফিসে অনিয়মই এখন নিয়ম হয়ে গেছে। নিয়ামতপুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের কেরানি কামরুন্নাহার বলেন, মঙ্গলবার সেবাগ্রহীতার চাপে একটু বেশি সময় ধরে দলিল সম্পাদন হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এগুলো নকলনবিশদের জন্য পারিশ্রমিকের অর্থ নেওয়া হয়। এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে নওগাঁ জেলা রেজিস্টার সাইফুল ইসলাম বলেন, দলিল সম্পাদনার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার কোন সুযোগ নেই। ঘুষ বাণিজ্যের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply