অবৈধ অনুপ্রবেশকালে বিভিষন সীমান্তে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনস্থ বিভিষন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ২১৯/৭১-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি খাড়ির ঘাট নামক স্থান দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। আটককৃত পাঁচজনই বাংলাদেশি নাগরিক এবং তারা ভারতের বিভিন্ন কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফেরার চেষ্টা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply