খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ৬টি দেশের প্রতিনিধি

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ৬টি দেশের প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন ৬টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে তারা একে একে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেন। জানা গেছে, সকাল ৮টার দিকে মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত এবং দেশটির উচ্চ শিক্ষা ও শ্রম বিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ ঢাকায় পৌঁছান। এরপর সকাল ৯টার দিকে আসেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল। সূচি অনুযায়ী, বেলা পৌনে ১২টায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী, দুপুর ১২টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং দুপুর ১টায় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার থেকেই বিদেশি মিশনগুলো তাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও বার্তার মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আসছে। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া আজ বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে। উল্লেখ্য, এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার জন্য খালেদা জিয়ার কফিন মনিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য প্রস্তুত রাখা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *