৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট-সিরাপ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান নেশাজাতীয় ট্যাবলেট-সিরাপ উদ্ধার হয়েছে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা দেশের যুব সমাজকে ধ্বংস করতে বিভিন্ন কায়দায় মাদক চোরাচালান করছে। চোরাচালান প্রতিরোধে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি/২৬ ভোররাত ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা নামক গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হলে ঘটনাস্থল হতে টহলদল একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত মালিকবিহীন ২৮৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ((TENSIWIN) ) এবং ফেন্সিডিল এর বিকল্প ২৪ বোতল নেশাজাতীয় choco+ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply