চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থীর সাথে নজেকশিস নেতৃবৃন্দের সাক্ষাৎ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডক্টর মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)-এর নবনির্বাচিত ও সাবেক কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে। এসময় উপস্থিত ছিলেন নজেকশিসের সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, নজেকশিসের নব-নির্বাচিত সভাপতি মোহাঃ তরিকুল ইসলাম সিদ্দিকী (নয়ন), সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। সৌজন্য সাক্ষাৎকালে নজেকশিস নেতৃবৃন্দ দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণকে জামায়াতে ইসলামীর নির্বাচনী মেনিফেস্টোতে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তারা। ডক্টর মিজানুর রহমান এ সময় শিক্ষকদের দাবির প্রতি সহমত প্রকাশ করে বলেন, একটি জাতির মেরুদণ্ড হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষাবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে দলীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে শিক্ষা সংশ্লিষ্ট মহলের গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply