গোমস্তাপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ॥ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অসহায় নারীর স্থায়ী আশ্রয়স্থল

গোমস্তাপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ॥ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অসহায় নারীর স্থায়ী আশ্রয়স্থল

সমাজে যখন মানবিক মূল্যবোধ ক্রমেই সংকুচিত হয়ে আসছে, ঠিক তখনই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এক অসহায় নারী পেলেন জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা নিজস্ব একটি ঘর। রোববার বিকেলে উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা গ্রামে সংগঠনের সদস্যরা টিনের তৈরি একটি ঘর তুলে দেন অসহায় নারী রূপালী বেগমকে। দীর্ঘদিন ধরে অনিশ্চিত জীবনযাপন করা এই নারীর জন্য এটি শুধু একটি ঘর নয়, বরং নতুন করে বাঁচার সাহস। ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ বদিউজ্জামান (দুলু), বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাকিম, সভাপতি আল মামুন (সাদ্দাম), উপদেষ্টা ও বাংগাবাড়ি স্কুল ও কলেজের প্রভাষক জুয়েল আলম, সদস্য নাজমুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে আরও মানবিক সহায়তার অংশ হিসেবে আশরাফুল হককে চিকিৎসা বাবদ আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি স্বর্গীয় মুচি রমেশের কন্যাদের পড়ালেখার খরচ নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রূপালী বেগম দীর্ঘদিন ধরে বাংগাবাড়ি-রহনপুর ও সিংগাবাদ (ভারত) রেললাইনের পাশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছিলেন। তার একমাত্র ছেলে তাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন। পরে একই এলাকার মানবিক হৃদয়ের নারী নাসিমা বেগম তাকে নিজ বাড়ির বারান্দায় আশ্রয় দেন।
রূপালী বেগমের এই করুণ অবস্থার কথা জানতে পেরে বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন স্বপ্রণোদিত হয়ে তার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয় এবং তা বাস্তবায়ন করে। ঘর পেয়ে আবেগাপ্লুত রূপালী বেগম বলেন, “আমি ভাবতেই পারিনি জীবনের শেষ প্রান্তে এসে কেউ আমার জন্য এমন কিছু করবে। আল্লাহ যেন এদের সবাইকে ভালো রাখেন।” বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এই উদ্যোগ প্রমাণ করে, মানুষ মানুষের জন্য, আর মানবিকতার চর্চাই পারে সমাজকে আলোকিত করতে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *