রহনপুরে মহানন্দা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান

রহনপুরে মহানন্দা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান

সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গা স্নান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর শ্মশানঘাট সংলগ্ন মহানন্দা নদীর তীরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে নদীতীরে বিশাল আয়োজনে একটি মেলা অনুষ্ঠিত হয়, যেখানে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। রোববার দিনব্যাপী আয়োজিত এ গঙ্গা স্নান ও মেলা দুপুরে পরিদর্শন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। তিনি স্নানরত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরিদর্শনকালে আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। এই ঐতিহ্য আমাদের সবার সম্মিলিত দায়িত্বে রক্ষা করতে হবে।” মেলা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা লক্ষ্য করা যায়। সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, প্রতিবছর মহানন্দা নদীর এই স্থানে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে থাকে, যা এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান হিসেবে পরিচিত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *