রাজশাহীতে খালেদা জিয়ার নাম জড়িয়ে ভুঁইফোড় সংগঠন ॥ মিনু’র নেতৃত্বে উচ্ছেদ

রাজশাহীতে খালেদা জিয়ার নাম জড়িয়ে ভুঁইফোড় সংগঠন ॥ মিনু’র নেতৃত্বে উচ্ছেদ

রাজশাহীতে ব্যবসার কথা বলে ভবন ভাড়া নিয়ে খালেদা জিয়ার নাম জড়িয়ে সংগঠন খুলে বসার অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসায় সংগঠনটি উচ্ছেদ করেছেন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। ভবনটি রাজশাহী নগরের উপশহর এলাকার ২ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে। চারতলা বাড়িটির মালিক আকরামুল ইসলাম, যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী। গত বছরের অক্টোবরে ভবনটি ভাড়া নেন সরকার জিয়াউর রহমান নামের এক ব্যক্তি। বাড়ি মালিকর অভিযোগ, দোতলায় ২ হাজার ২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট আবাসন ব্যবসার কথা বলে ভাড়া নেন জিয়াউর। পরে সেখানে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের’ জেলা ও মহানগর কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়। এই সংগঠনের ব্যানারে সেখানে নানা কর্মসূচিও পালন করা হয়। এতে অন্য ভাড়াটিয়ারা বাসা ছাড়তে শুরু করেন। তিনি বলেন, ৫৮ হাজার টাকা জামানতে মাসিক ২৯ হাজার টাকায় বাসাটি ভাড়া দেওয়া হয়। কিন্তু বাসায় ওঠার পর জিয়াউর তাকে কোনো ভাড়া বা বিল পরিশোধ করেননি। বাসা ছাড়তে বললেও তারা সাড়া দেননি। আইনি নোটিশ পাঠিয়েও কাজ হয়নি। পরে বাড়ির মালিকের ছেলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। বিষয়টি নজরে এলে রোববার বিকালে ওই বাড়িতে যান রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। পরে তার উপস্থিতিতে বাড়ির সামনে থাকা সাইনবোর্ড ও ব্যানার সরিয়ে ফেলা হয় এবং কার্যালয় উচ্ছেদ করা হয়। এ সময় ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি সরে যান। মিজানুর রহমান বলেন, ‘মাদার অব ডেমোক্রেসি-খালেদা জিয়া পরিষদ’ নামে জাতীয় বা স্থানীয় পর্যায়ে বিএনপির কোনো স্বীকৃত সংগঠন নেই। প্রতারণামূলকভাবে সংগঠনের নাম ব্যবহার করা হয়ে থাকলে তা খতিয়ে দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগের বিষয়ে সরকার জিয়াউর রহমান বলেন, তারা ভুঁইফোড় নন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার দাবি, বাসা ছাড়ার নোটিস দেওয়া হলেও নতুন অফিস খোঁজার জন্য সময় প্রয়োজন। এ কারণে দেরি হচ্ছিল। বাড়ি দখলের অভিযোগও তিনি অস্বীকার করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *