চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

রাত পোহালেই সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে ১১ ফেব্রুয়ারি উপজেলার প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ আসনে মোট ১৮৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬১,০০০ জন (জানুয়ারি ২০২৬ হালনাগাদ)। এর মধ্যে পুরুষ ভোটার: ২,২৮,৮২৫ জন, নারী ভোটার: ২,৩২,১৭৪ জন, হিজড়া ভোটার: ১ জন। বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে পুরো আসনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
গোমস্তাপুরে সর্বোচ্চ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৩৭টি কেন্দ্র। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সী জানিয়েছেন, গোমস্তাপুর উপজেলায় মোট ৯০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৭টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৬টি করে সিসি ক্যামেরা এবং অন্যান্য কেন্দ্রে ৪টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। নাচোলে ৫৭ কেন্দ্র, গুরুত্বপূর্ণ ৩৭। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার জানান, নাচোল উপজেলায় ৫৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৬টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী, মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোলাহাটে ৩৭ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ১৪টি কেন্দ্র। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, ভোলাহাট উপজেলায় মোট ৩৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির অংশ হিসেবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরো আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসার ও র‌্যাব মোতায়েন থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল কোর্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোতে প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে, যাতে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ–২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে বলা যায়, কঠোর নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং প্রশাসনের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা। এখন অপেক্ষা ভোটের দিনের শান্তিপূর্ণ পরিবেশ ও ফলাফল এর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *