জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ॥ চলছে গণনা-গণনা শেষে ফলাফল
চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে ভোট গণনার কাজ। গণনা শুরু হয়েছে পোস্টাল ভোটও। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৩টি আসনে অংশগ্রহণকারী বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীগণ।

জেলার ৫১৫টি কেন্দ্রে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে কেন্দ্রগুলোতে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত পোস্টাল ভোটের কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বিকেল ৫টার পরই পোস্টাল ভোট গণনার কাজ শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ পোস্টাল ভোট গণনা করছেন। জাতীয় সংসদ ভোট এবং গণভোট এর ফলাফল জানতে ভোটারদের অপেক্ষা করতে হবে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। জেলার তিনটি আসনের মোট ৫১৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সকল নির্বাচনী সামগ্রী আগের দিন বুধবার বিতরণ করা হয়। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। জেলার সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠে দায়িত্ব পালন করেন ১৫ প্লাটুন বিজিবি, ১৭টি সেনাবাহিনী দল, ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। এছাড়া ১ হাজার ৭২ জন পুলিশ সদস্য ও আনসার বাহিনীর প্রায় ৭ হাজার সদস্য ভোটকেন্দ্র ও আশপাশে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এবার জেলায় মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লক্ষ ৫০ হাজার ২১৫জন, মহিলা ভোটার-২ লক্ষ ৪৩ হাজার ৬০৫জন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১৫ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৯টি এবং ভোট কক্ষের সংখ্যা-৯৩৬টি। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট)) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৩৭২জন। পুরুষ ভোটার-২ লক্ষ ২৫ হাজার ৪৪২জন, মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৯২৯জন এবং হিজড়া ভোটার ০১জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৬টি ইউনিয়ন ও ০২টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৪টি এবং ভোট কক্ষের সংখ্যা ৮৭৭টি। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬০ হাজার ৮০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লক্ষ ৩০ হাজার ১১৫জন এবং মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৬৯০জন। চাঁপাইনবাগঞ্জ-৩ (সদর) আসনে ০১ টি পৌারসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭২টি ও ভোট কক্ষের সংখ্যা-৯২৮টি। তিনটি আসনেই বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ জানান, “চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।”
উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় জেলায় নির্বাচনে অংগ্রহণকারী প্রার্থীগণ, ভোটারগণ ও ভোট গ্রহণ কার্যক্রমের সাথে জড়িত সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনে-ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ শাহজাহান মিঞা, দাড়িপাল্লা প্রতীক নিয়ে ড. কেরামত আলী, লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ আফজাল হোসেন, মোমবাতি প্রতীক নিয়ে নবাব মোঃ শামসুল হোদা, ছড়ি প্রতীক নিয়ে মোঃ আব্দুল হালিম, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মুঃ মিজানুর রহমান, লাঙ্গল প্রতীক নিয়ে মুঃ খুরশিদ আলম,

হাতপাখা প্রতীক নিয়ে মোঃ ইব্রাহিম খলিল, কাস্তে প্রতীক নিয়ে মোঃ সাদেকুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ হারুনুর রশীদ, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোঃ নুরুল ইসলাম বুলবুল, ট্রাক প্রতীক নিয়ে মোঃ শফিকুল ইসলাম, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ মনিরুল ইসলাম, তারা প্রতীক নিয়ে মোঃ ফজলুর ইসলাম খাঁন প্রতিদ্বন্দ্বিতা করছে। চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে কে জয়ের মালা পরবে, এটা জানতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটার ও সমর্থকদের অপেক্ষা করতে হবে। দীর্ঘ প্রতিক্ষার পর নির্ভয়ে-নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান শেষ হয়েছে, ফলাফল ঘোষণা কার্যক্রমও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা জেলার সাধারণ ভোটারগণ এবং বিশিষ্টজনদের।

Leave a Reply