নাচোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন নানা কর্মসূচি পালন করে। সকাল ৯টায় নাচোল মধ্য বাজারস্থ নির্বাচনী কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াকুব আলী। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতি চারণ করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। অন্যদিকে, উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে নাচোল সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় নাচোল বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দিবসটি উপলক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেছে।

Leave a Reply