নাটোরের বাগাতিপাড়ায় বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার নূরপুর মালঞ্চি এলাকায় বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে সাইদুল ইসলামের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে সাইদুল দলবল নিয়ে শহিদুল ইসলামের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। ভুক্তভোগীদের দাবি, ঘটনার সময় বাড়িতে শহিদুলের দুটি ছোট শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না। সেই সুযোগে হামলাকারীরা ঘরে ঢুকে একটি এলইডি টিভি ভেঙে চুরমার করে এবং ঘরের আসবাবপত্র ব্যাপকভাবে তছনছ করে। শিশুদের সামনে এমন তাণ্ডব চালানোকে স্থানীয়রা ‘নিষ্ঠুর ও অমানবিক’ বলে অভিহিত করেছেন। অভিযোগ অনুযায়ী, ঘরের একটি বাক্স ভেঙে ভেতরে থাকা আনুমানিক সাড়ে পাঁচভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় তিন লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, বাক্সের ওপর রাখা পবিত্র কোরআন শরীফ ছুঁড়ে বাইরে ফেলে দেওয়ার ঘটনাও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।পরিবারের সদস্যরা জানান, দুই শিশু কাঁদতে কাঁদতে হামলাকারীদের হাত-পা ধরে অনুরোধ করলেও তারা কোনো দয়া দেখায়নি। এ ঘটনায় শহিদুল ইসলাম আর্থিক ও মানসিকভাবে চরমভাবে বিদ্ধস্ত হয়ে পড়েছেন। এলাকাবাসীর মতে, শহিদুল একজন শান্ত-স্বভাব ও সৎ মানুষ হিসেবে পরিচিত, তার সঙ্গে এমন বর্বর আচরণ মেনে নেওয়া যায় না। স্থানীয়দের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সাইদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *