Blog

  • একদিনের মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান- এনআইডি ডিজি

    একদিনের মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান- এনআইডি ডিজি

    আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর বিএনপি নেতা তারেক রহমানের এনআইডি পেতে ‘সর্বোচ্চ একদিন লাগবে’ বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনের নিচ তলায় নিবন্ধন কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “ফিঙ্গার দেওয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। তবে সঠিক সময় আগ থেকে বলার সুযোগ নাই। ২০০৭ সালে বাংলাদেশে যখন ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়, তারেক রহমান তখন কারাগারে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়ে সেদিনই তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে চলে যান। শুরু হয় নির্বাসিত জীবন। এরপর সাড়ে ১৭ বছর তার দেশে ফেরা হয়নি। ফলে জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড-কোনোটিই তিনি পাননি। এদিকে, কয়েকমাস আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থী হওয়ার জন্য তাকে অবশ্যই ভোটার তালিকাভুক্ত হতে হবে। গত বৃহস্পতিবার দেশে ফিরে শনিবার তিনি সেই কাজ সারতে নির্বাচন কমিশনে আসেন। তারেক রহমানের আসা কেন্দ্র করেন নিরাপত্তা জোরদার করা হয়েছে এনআইডি নিবন্ধন কেন্দ্রের। হুমায়ুন কবীর বলেন, ভোটার হতে গেলে যে তথ্যগুলো দিতে হয়, ওগুলো দিয়ে আবেদন করার পরে এখানে কী করি? আমরা ছবি নিই, আমরা আইরিশ নিই এবং আমরা আপনার হচ্ছে বায়োমেট্রিক্স নেই। ওনার তথ্যগুলো অনুমোদন হয়ে গেলে এটা আপলোড করা হয়। আপলোড করার পরে ওইটা আমাদের ডেটাবেজে, মানে নম্বরটা জেনারেট করতে বেশ খানিকটা সময় লাগে। ভোটার তালিকাভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) সংগ্রহ করার কথা রয়েছে তারেক রহমানের। সেজন্যও সবধরনের প্রস্তুতি সেরেছে এনআইডি উইং। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হচ্ছে ২৯ ডিসেম্বর। ইতোমধ্যে বগুড়া-৬ আসনে তারেক রহমানের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ২২ ডিসেম্বর সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সেদিন বলেছিলেন, দেশে ফেরার পর ২৭ ডিসেম্বর ভোটার ও এনআইডি সংক্রান্ত কাজ করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

  • বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘বৈশাখী টিভি’র বিশ বছর পূর্তি উদযাপন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা শেষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ। প্রধান অতিথি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সূজনের সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের (সিটিজেএ)’র সভাপতি রফিকুল আলম,

    চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চ্যানেল আই প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুু, আইনজীবী নূরে আলম সিদ্দিকসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটিজেএ’র সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল। বক্তারা বলেন, দুই দশক ধরে বৈশাখী টেলিভিশন দেশের মানুষের কথা, সমাজের বাস্তবতা ও গণতন্ত্রের প্রশ্ন তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থে সংবাদ প্রচারে চ্যানেলটির ভূমিকা আরও শক্তিশালী হবে। এসময় শুভেচ্ছা বক্তব্যে গণমাধ্যমকর্মীরা বৈশাখী টেলিভিশনের বিশ বছর পূর্তি এবং একুশ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেলটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।

  • অবসরে গেলেন ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

    অবসরে গেলেন ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

    অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় শনিবার তিনি অবসর গ্রহণ করেন। এদিকে ২৬তম নতুন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী রবিবার শপথ গ্রহণ করবেন। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর ১০ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন সৈয়দ রেফাত আহমেদ। নিয়োগের পর এক বছর সাড়ে চার মাস দায়িত্ব পালন করেন তিনি। ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সনদ লাভের পর ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। দেশের উচ্চ আদালতের ইতিহাসে তিনিই একমাত্র বিচারক, যিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে সরাসরি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেন। এদিকে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রিও নেন। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

  • ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা ॥ আহত অন্তত ২০

    ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা ॥ আহত অন্তত ২০

    ফরিদপুরে ব্যান্ড সংগীতশিল্পী জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার রাতে ফরিদপুর জেলা স্কুলের প্রতিষ্ঠা ১৮৫ বছর পূর্তি উপলক্ষে স্কুল চত্বরে এ কনসার্টের আয়োজন করা হয়। জানা যায়, অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে কয়েকজন বহিরাগত ব্যক্তি কনসার্টস্থলে প্রবেশের চেষ্টা করলে আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাজনিত কারণে জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার ছিল। তাই প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।” বর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান জানান, “অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে হঠাৎ করে কারা এবং কী কারণে হামলা চালিয়েছে -তা এখনও পরিষ্কার নয়।” ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়। এত লোককে স্কুলের ভেতরের প্রাঙ্গণে জায়গা দেওয়া অসম্ভব ছিল। বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়। হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আয়োজক ও শিক্ষার্থীরা।

  • চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

    চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

    চাঁপাইনবাবগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৬ ডিসেম্বর) স্থানীয় শ্রীশ্রী রামসীতা মন্দিরে গীতাপাঠ প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ একরামূল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শ্রী সুদর্শণ ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস, দিপক কুমার ঘোষ প্রমুখ। পরে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা শুরু হয়। আর প্রতিযোগিতার বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য ও শ্রীশ্রী রামসীতা মন্দিরের পুরহিত চন্দন পান্ডে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী সমিত চট্টোপধ্যায়। শেষে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার ‘ক’ গ্রুপ এবং ‘খ’ গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সভায় জানানো হয়, ২টি গ্রপে প্রথম স্থান অধিকারীরা আগামী জানুয়ারি মাসে রাজশাহী বিভাগ পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

  • নিয়ামতপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল খড়ের পালা

    নিয়ামতপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল খড়ের পালা

    নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি খড়ের পালা পুড়ে ছাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাত ৯ টার দিকে নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের দাদরইল (চকপাড়া) গ্রামে এ ঘটনায় ঘটে। এতে প্রায় ২০ বিঘা আমন ক্ষেতের খড় সম্পূর্ণ পুড়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় নিয়ামতপুর থানায় ভুক্তভোগী কৃষক মাসুদ রানা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৯ টার দিকে কে বা কাহারা রাতের আঁধারে ২০ বিঘা আমন ক্ষেতের খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। এরপর দমকল বাহিনীর সদস্য এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এর আগেই খড়ের পালার অধিকাংশ খড় পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে মাসুদের। ভুক্তভোগী কৃষক মাসুদ রানা বলেন, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ করে খড়ের পালায় আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন তিনি। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এটা স্বাভাবিক আগুন নয়। পরিকল্পিতভাবেই আগুন দেওয়া হয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। প্রশাসনের নিকট আবেদন আমাকে যেন আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক তৈরি করছে। আজ খড়ের পালা, কাল বাড়িঘরেও আগুন লাগাতে পারে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ‎নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • আদাতলা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

    আদাতলা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

    আদাতলা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

    নওগাঁ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। ১৬ বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, ২৭ ডিসেম্বর আনুমানিক রাত ০৩.২০ ঘটিকায় নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাদেকুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল পাতাড়ী ড্রেনপাড়া গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট নওগাঁ জেলার সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

  • ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভাই-বোনসহ ৩জন নিহত

    ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভাই-বোনসহ ৩জন নিহত

    ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন দুজন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার রহমতুল্লাহর মেয়ে রুকাইয়া আক্তার নীলা (৩২), ছেলে সাকিবুর রহমান নিশান (২৭) ও এবং রুকাইয়ার স্বামী মিজানুর রহমান (৪০)। তিনি যশোর জেলার বাবর আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ দাস (৫৫)। তিনি যশোর জেলার সোনাডাঙ্গা থানার বিষ্ণু দাসের ছেলে। আহত অপরজনও অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন, তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্থানীয়দের বরাতে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, মিজানুর রহমান কিছুদিন আগে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন স্ত্রী এবং শ্যালক। পথে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী ট্রাকের সঙ্গে তাদের অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওসি হেলাল উদ্দিন বলেন, এ দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • করতোয়া এক্সপেক্স ট্রেনের চালকের বিচক্ষনতা ॥ রক্ষা পেল যাত্রীরা

    করতোয়া এক্সপেক্স ট্রেনের চালকের বিচক্ষনতা ॥ রক্ষা পেল যাত্রীরা

    গাইবান্ধার গেবিন্দগঞ্জের শালামারা ষ্টেশনের চালকের বিচক্ষনতায় অল্পের জন্য রক্ষা পেল রেলের যাত্রী। তবে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা কবলিত একটি পাওয়ার ট্রলির (ইঞ্জিনচালিত ট্রলি) থেকে বিচ্ছিন্ন হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। শালমারা ইউপি সদস্য বক্কর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিলে শালমারা রেলষ্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। বোনারপাড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দীন জানান, শালমারা রেল ষ্টেশন এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং দিয়ে ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি পারাপার হওয়ার হচ্ছিল। এসময় বুড়িমারি থেকে সান্তাহার গামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে আসে। এসময় ট্রেনের চালক সমুহ বিপদের আশংকায় ট্রেনের গতি কমিয়ে দেয়। তারপরেও ট্রেনটি এসে ইটবোঝাই পাওয়ার ট্রলিকে ধাক্কাদিলে সেটি ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় পাওয়া ট্রলি টি সেখান থেকে সরিয়ে নিলে ট্রেনটি চলে যায়। এঘটনায় কোন হতাহতে ঘটনা ঘটেনি।

  • নিয়ামতপুরে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া

    নিয়ামতপুরে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া

    সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জুমার নামাজ শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিয়ামতপুর উপজেলা মডেল মসজিদে নওগাঁ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, এই দেশের কোটি মানুষের প্রত্যাশা। বেগম জিয়া বাংলাদেশের প্রাণ, জাতির গণতন্ত্র সংগ্রামের প্রতীক। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি। দোয়া কর্মসূচির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের সুদৃঢ় ভবিষ্যৎ এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করা হয়।