Blog

  • তারেক রহমানের আগমন উপলক্ষে গোমস্তাপুরে বিএনপি’র আনন্দ র‌্যালি

    তারেক রহমানের আগমন উপলক্ষে গোমস্তাপুরে বিএনপি’র আনন্দ র‌্যালি

    তারেক রহমানের আগমন উপলক্ষে গোমস্তাপুরে বিএনপি’র আনন্দ র‌্যালি

    বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে এক আনন্দ র‌্যালি হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে র‌্যালিটি রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল হক। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাইনুল মাস্টার, মোহাম্মদ আলীসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারেক রহমানের আগমনকে স্বাগত জানান এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটান।

  • গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত ॥ আহত-২

    গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত ॥ আহত-২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের শিয়ালগাড়া ও সাঘাটার চিনিরপটল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত ও দু’জন আহত হয়েছে। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের শিয়ালগাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় শেফালি বেগম (৪০) নামের এক মোটারসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার সামপারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বেজাউল হকের স্ত্রী। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি আটক করেছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, গোবিন্দগঞ্জের দিকে আসার সময় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকার নীচে পিষ্ট হয়ে আরোহী শেফালি বেগম ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মোটরসাইকের আরোহী নিহতের কন্যা ও শিশু আহত হয়েছে। নিহতের মরদেহ ও ট্রাকটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আপর দিকে সঘাটা উপজেলার ওয়াপদা বাধের দক্ষিণ পাশে চিনিরপটল রোডের মোড়ে এনজিও কর্মীর মোটারসাইকেল এর সাথে একটি অটো রিক্সাভ্যানের সংঘর্ষে এক নারী নিহত এবং দু’জন চালক আহত হয়।

  • গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্কাউটস সংগঠন পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ। বুধবার (২৪ ডিসেম্বর) রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: হাসিনা আকতার ছন্দা। বক্তব্য রাখেন, প্রথম আলো পত্রিকা কর্তৃক নির্বাচিত প্রিয় শিক্ষক আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, সংগঠনের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, সংবর্ধনা উপকমিটির আহবায়ক প্রেসিডেন্টস স্কাউট মাহবুব আলম রাকিব, সংবর্ধিত শিক্ষার্থী আবিদা খাতুন। অনুষ্ঠানে প্রতিভার অগ্রদুত হিসেবে প্রিয় শিক্ষক মোঃ আলাউদ্দিন, ক্যালিগ্রাফিক সিফাতুল্লাহ ইসলাম ও প্রত্নতাত্বিক সংগ্রহক মাহির ইয়াসিরকে সংবর্ধিত করা হয়।

  • কালিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ ব্যক্তিকে জরিমানা

    কালিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ ব্যক্তিকে জরিমানা

    নড়াইলের কালিয়ায় অবৈধভাবে ভূমি থেকে মাটি কাটার দায়ে ২ ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, কালিয়া উপজেলার বাকাঁ এলাকার মোস্তাফিজুর রহমান ভুলুকে ৫০ হাজার টাকা এবং রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী পুলিশ ফোর্সসহ উপস্থিত ছিলেন। অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্টরা কোনো ধরনের অনুমতি ছাড়াই ভূমি থেকে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করছিলেন। এসময় অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • গোমস্তাপুরে পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা

    গোমস্তাপুরে পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা

    গোমস্তাপুরে পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোমস্তাপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত রবিউল আওয়াল, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা খাদ্য অফিসার জুনায়েদ করিম, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান, প্রবাসী কল্যাণ ব্যাংক শাখা ব্যবস্থাপক সানাউল্লাহসহ অন্যরা। এসময় উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারী কিভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন, সে বিষয়গুলি তুলে ধরা হয়।

  • হারিয়ে যাওয়া ভেড়ার লোমের বস্ত্র তৈরীর একমাত্র কারিগর চাঁপাইনবাবগঞ্জের আব্দুল খালেক

    হারিয়ে যাওয়া ভেড়ার লোমের বস্ত্র তৈরীর একমাত্র কারিগর চাঁপাইনবাবগঞ্জের আব্দুল খালেক

    শিল্পটিকে রক্ষার দাবী বিশিষ্টজনদের

    হারিয়ে যাওয়া ভেড়ার লোমের বস্ত্র তৈরীর একমাত্র কারিগর চাঁপাইনবাবগঞ্জের আব্দুল খালেক

    চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত গ্রামে ভেড়ার লোম দিয়ে তৈরি হচ্ছে জায়নামাজ, শীতের কম্বল ও মাফলার। শুনতে অবাক লাগলেও এই প্রাচীন ও স্বাস্থ্যসম্মত শিল্পটি আজও টিকে আছে একজন মানুষের হাত ধরে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মোমিনপাড়া মহল্লার প্রায় সত্তরোর্ধ্ব আব্দুল খালেকই এখন ভেড়ার লোমের কম্বল তৈরির এই বিলুপ্তপ্রায় ঐতিহ্যের শেষ কারিগর। কিশোর বয়সে বাবার কাছ থেকে শেখা এই কাজই হয়ে উঠেছে আব্দুল খালেকের জীবনের পরিচয়। তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই এই কাজ করছি। আমার বাবা তার বাবার কাছ থেকে শিখেছে। শিখতে শিখতেই আজ আমার বয়স সত্তর পেরিয়েছে। একসময় নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ভেড়ার লোম কেটে তৈরি হতো উষ্ণ ও টেকসই কম্বল।

    সময়ের পরিবর্তনে সেই ঐতিহ্য হারিয়ে গেছে। সবাই পেশা বদল করলেও আব্দুল খালেক এখনো ধরে রেখেছেন শত বছরের পুরনো সেই কৌশল। তিনি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজের গতি কমে গেছে। যুবক বয়সে দুই-তিন দিনে একটি কম্বল বানানো যেত। এখন আট-দশ দিন, কখনো পনেরো দিনও লাগে। তবুও এই কাজ করেই সংসার চালাই। দেশের বিভিন্ন এলাকা থেকে বিশেষ কাঁচি দিয়ে কেটে আনা ভেড়ার লোম পরিষ্কার করে নিজের হাতে বুনে তৈরি করেন কম্বল, জায়নামাজ ও মাফলার। তার তৈরি পণ্যের চাহিদা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছেছে। অনেকেই মাসখানেক আগেই অগ্রিম টাকা পাঠিয়ে দেন। তবে বয়সের ভারে ক্লান্ত আব্দুল খালেকের দুশ্চিন্তা একটাই, এই শিল্পের উত্তরসূরি কে? তিনি আক্ষেপ করে বলেন, আমি চলে গেলে আর কেউ এই কাজ ধরবে না। সারা বাংলাদেশে আর একজনও নেই যে এই কাজটা করে। স্থানীয়দের আশঙ্কা, আব্দুল খালেকের সঙ্গে সঙ্গেই হারিয়ে যাবে চাঁপাইনবাবগঞ্জের এই ঐতিহ্য। এতে ভেড়ার লোম কাটার সুযোগ না থাকায় ক্ষতিগ্রস্ত হবেন পশুপালকরাও। তাই তারা চান, সরকারিভাবে এই পেশায় নতুন প্রজন্মকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। স্থানীয় গবেষক অধ্যক্ষ সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম বলেন,

    ভেড়ার লোমের কম্বল তৈরির এই শিল্পটি অত্যন্ত প্রাচীন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আব্দুল খালেক আগ্রহী তরুণদের প্রশিক্ষণ দিতে পারবেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুর ওয়াহেদ জানান, ভেড়ার লোমের কম্বল স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। বাজারজাতকরণ, মান উন্নয়ন এবং স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করা গেলে এই ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব। এ জন্য আমরা সার্বিক সহযোগিতা করব। চাঁপাইনবাবগঞ্জ বিসিক এর সহকারী ব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম জানান, লোকজ শিল্প সংরক্ষণে বিসিক সবসময় কাজ করছে। ভেড়ার লোম ভিত্তিক এই ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, সেজন্য প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করা হবে।

    বয়সের ভারে নুয়ে পড়লেও আজও চরকা ঘোরান আব্দুল খালেক। ভেড়ার লোমে বুনে চলেছেন ইতিহাসের উষ্ণ স্মৃতি। একজন মানুষ, একটি যুগ, তার হাতে তৈরি প্রতিটি কম্বল যেন হারিয়ে যেতে বসা এক শতাব্দীর জীবন্ত দলিল। এই শিল্পটিকে ধরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী বিশিষ্টজনদের।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৫৩ বিজিবি’র অস্ত্র-গুলি উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৫৩ বিজিবি’র অস্ত্র-গুলি উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৫৩ বিজিবি’র অস্ত্র-গুলি উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি সদস্যরা।। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলার মনাকষা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এদিন বিকেলে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দেশের বিরাজমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিশেষ টহল,

    অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সীমান্তের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়। সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার রাঘববাটি এলাকা দিয়ে অবৈধভাবে বিদেশি অস্ত্র প্রবেশের সম্ভাবনা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে বেলা সাড়ে ১১টার দিকে রাঘববাটি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। অভিযানকালে এক সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে দ্রুত সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, এর আগেও গত ১৫ ডিসেম্বর পৃথক এক বিশেষ অভিযানে ৫৩ বিজিবি চারটি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছিল।

  • নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ

    নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ

    নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ

    নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দলীয় নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গন অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম।

    মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে তার পক্ষে নড়াইলের সহকারী রিটার্নিং কর্মকর্তার থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তাহাজ্জত খান। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ, নড়াইল জেলা যুব অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, নড়াইল জেলা গন অধিকার পরিষদের যুগ্ম মহাসচিব রহিমা খানম সুমি, লোহাগড়া যুব অধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহের পর নড়াইল জেলা গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ গণমাধ্যমকে বলেন, আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এর আগে প্রতিদিন গণসংযোগে এলাকা থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো তুলে ধরছেন আমাদের সামনে, জয়ী হলে পর্যায়ক্রমে সমস্যাগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।

  • প্রকল্পের সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ ॥ ৪ ইউএনওসহ ১৩ জনের বিরুদ্ধে দুদক’র মামলা

    প্রকল্পের সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ ॥ ৪ ইউএনওসহ ১৩ জনের বিরুদ্ধে দুদক’র মামলা

    সরকারি উন্নয়ন কর্মসূচি পিইডিপি-৪ এর ভূয়া শিক্ষার্থী ও ভূয়া প্রতিষ্ঠান দেখিয়ে ৩ কোটি ৫৫ লক্ষ ৮৭ হাজার ৪৩২ টাকা আত্মসাৎ করার অপরাধ সংঘটিত হয়েছে। এই অপরাধ প্রাথমিকভাবে তদন্ত শেষে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়। কালাই উপজেলার সাবেক ৪ ইউএনও, কয়েকজন সরকারী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়নকারী দু’টি এনজিও কর্মকর্তাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে এই মামলা প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর সাব কম্পোনেন্ট ২.৫ প্রকল্পের ৮-১৪ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয় হতে ঝরে পড়া ও বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদানের লক্ষ্যে এই প্রকল্পটি সরকারিভাবে চালু হয়। মাঠ পর্যায়ে দু’টি এনজিও প্রকল্পটি বাস্তবায়ন করছিল। এনজিও দুটি হচ্ছে সোশাল ডেভেলপমেন্ট সার্ভিস এবং এস করি সোনার বাংলা। এই প্রকল্পে জয়পুরহাট জেলার কালাই উপজেলায় প্রকৃতপক্ষে যাচাই-বাছাই না করে প্রকৃত ঝরে পড়া ও বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থী না নিয়ে ১৬৫৭ জন ভুয়া ঝরে পড়া বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থী উপস্থিত দেখিয়ে ৫৫টি ভুয়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় (উপানুষ্ঠানিক শিক্ষণ কেন্দ্র) প্রতিষ্ঠা দেখিয়ে উক্ত ভুয়া শিক্ষার্থীদের নামে বিভিন্ন খরচ দেখিয়ে অভিযুক্তরা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা’র মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দুদক-এর প্রাথমিক তদন্তে উন্মোচিত হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন, কালাই উপজেলার সাবেক ইউএনও জান্নাত আরা তিথি (বর্তমানে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে এডিসি পদে নিয়োজিত), সাবেক ইউএনও টুকটুক তালুকদার (বর্তমানে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এডিসি পদে কর্মরত), সাবেক ইউএনও আবুল হায়াত (বর্তমানে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে এডিসি পদে কর্মরত), সাবেক ইউএনও শামীমা আক্তার জাহান (বর্তমানে লালমনিরহাট জেলায় ইউএনও পদে কর্মরত)। এছাড়াও প্রকল্পটির তদারকীর দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তাসহ দুটি বেসরকারি উন্নয়ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ রয়েছেন। তারা হলেন, মোছাঃ আয়েশা আক্তার, মোঃ গাউসুল আজম, মোঃ মোখছেদ আলী, কাজী মোঃ মনোয়ারুল হাসান, ডাঃ মোঃ হাসান আলী, নীলিমা জাহান, মোঃ আনোয়ার আলী, অরুণ চন্দ্র রায়, এবং তৌহিদা মুহতামিম। মামলার এজাহারকারী দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ’র উপ-সহকারী পরিচালক মোঃ আল মামুন কর্তৃক দায়েরকৃত মামলা নং-০২ (জয়পুরহাট), তারিখ ১৭/১২/২০২৫ মেতাবেক উল্লেখ করেছেন, প্রকল্পের চুক্তিপত্রের পঞ্চম অ্যাপেন্ডিক্স অনুসারে ৫৫টি ভুয়া প্রশিক্ষণ কেন্দ্রের জন্য বরাদ্দকৃত প্রত্যেক শিক্ষকের বেতন ৫০০০ টাকা করে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪ বছরে মোট ১ কোটি ৩২ লক্ষ টাকা, ৫৫টি শিক্ষণ কেন্দ্রের প্রত্যেকটির জন্য আনুষাঙ্গিক খরচ বাবদ ২২,৬৯০ টাকা করে মোট ১২ লক্ষ ৪৭ হাজার ৯৫০ টাকা, ৫৫টি শিক্ষন কেন্দ্রের শিক্ষক ও অন্যান্যদের ট্রেনিং এর খরচাদি বাবদ প্রতিটির জন্য ৬২,৩৯০ টাকা ৮৫ পয়সা হারে মোট ৩৪ লক্ষ ৩১ হাজার ৫৬০ টাকা, উল্লেখিত ৫৫টি শিক্ষন কেন্দ্রের খাঁটি দের পোশাকের খরচাদি বাবদ ২৯ লক্ষ ৭০ হাজার টাকা এবং স্কুল ব্যাগের প্রতি জনের ১২০০ টাকা হারে মোট ১৯ লক্ষ ৮০ হাজার টাকাসহ মোট ৩ কেটি ৫৫ লক্ষ ৮৭ হাজার ৪৩২ টাকা আত্মসাৎ করা হয়েছে। দুদকের তদন্তকারী কর্মকর্তা সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ উপসহকারী পরিচালক মোঃ আল মামুন বলেছেন, ঘটনার প্রাথমিক তদন্তে এগুলো জানা গেছে। মামলা দায়ের হওয়ার পরে বিস্তারিত তদন্ত অনুষ্ঠিত হবে।

  • নাটোরের সিংড়ায় ফুটপাতে জমজমাট শীতের কাপড় বেচাকেনা

    নাটোরের সিংড়ায় ফুটপাতে জমজমাট শীতের কাপড় বেচাকেনা

    পৌষ মাসের কনকনে শীতে যবুথবু দেশের উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের কাপড়ের দোকানে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভীড় বেশি এসব দোকানে। নাটোরের সিংড়া পৌর শহরের বাসস্ট্যান্ড ও কলেজ রোডের ফুটপাত এলাকায় বসেছে ১৫ থেকে ২০টি অস্থায়ী পুরাতন কাপড়ের দোকান। সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতের পুরাতন কাপড় বেচাকেনায় ব্যস্ত ক্রেতা ও বিক্রেতারা। এসব দোকানে সাধারণত ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে মিলছে শীতের পুরাতন কাপড়। আধা পুরাতন কাপড় পাওয়া যাচ্ছে ১৫০ টাকা ৩৫০ টাকার মধ্যে আর নতুন কাপড় সাধারণত ২৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। সিংড়া বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের কাপড় ব্যবসায়ি আব্দুল কাদের জানান, দেশি-বিদেশি, নতুন-পুরাতন সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে এখানে। তিনি জানান, চট্রগ্রাম মোকাক থেকে গত দুই সপ্তাহে আগে মাল এনেছেন তিনি। আগে তেমন বেচাবিক্রি হয় নাই। দুই দিন ধরে বেচাকেনা বেশ ভালো হচ্ছে। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এখানে বেচাকেনা করছি। ফুটপাতের পাশাপাশি বেচাকেনার ভীড় বেড়েছে মার্কেটের কাপড়ের দোকানগুলোতেও। এসব দোকানে হুডি, মোটা গেঞ্জি, জ্যাকেট, সুয়েটার, মেয়েদের কার্ডিগান, শর্ট কোর্ট, বেলবেড জ্যাকেট, ডেনিম শার্ট, বাচ্চাদের শীতের জামা, কানটুপি, মাফলার, মোজাসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র নিয়ে বসেছেন ফুটপাতে। সকল বয়সের মানুষের শীত বস্ত্র পাওয়া যায় এসব দোকানে।
    সিংড়া পৌর শহরের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানে শীতবস্ত্রের দাম যাচাই করে দেখা যায়, হুডি ২৫০ টাকা খেকে ৫০০ টাকা, মোটা গেঞ্জি ১৫০ টাকা থেকে ২৫০ টাকা, মেয়েদের কার্ডিগান ৩০০ টাকা থেকে ৮০০ টাকা, সুয়েটার ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, মোটা জ্যাকেট ৫০০ টাকা থেকে ৭০০ টাকা, কানটুপি ৬০ টাকা থেকে ১২০ টাকা, মাঙ্কি টুপি ৪০ টাকা ৬০ টাকা, শর্ট কোর্ট ৪০০ টাকা থেকে ৭০০ টাকা, ছোটদের শীতের পোশাক ১০০টাকা থেকে ৩০০ টাকা, পা মোজা ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ফুটপাতে শীতবস্ত্র কিনতে আসা নুরজাহান খাতুন নামের এক ক্রেতা জানান, ছোট ছেলে মেয়ের জন্য কিছু শীতের কাপড় কিনলাম। টাকার বাজেট কম তাই মার্কেটে কিনতে যায়নি। এখান থেকে কিনলাম। অনেকটা সাশ্রয়ী দামেই কিনেছি। অটো রিক্সা চালক খাদেম আলী নামের আরেক ক্রেতা জানান, দরদাম করে আধা পুরাতন একটা জ্যাকেট কিনলাম। দাম নিলো ৩২০ টাকা। বেশ মোটা। এবারের শীত এটা দিয়েই চলে যাবে ইনশাআল্লাহ। কলেজ রোড এলাকার ফুটপাত ব্যবসায়ি তারেক রহমান জানান, গত বছর অগ্রহায়ণ মাস থেকেই বেচাকেনা ভালো ছিল। এখন পৌষ মাস। প্রায় একমাস পর এবছর সবেমাত্র বেচাকেনা শুরু হলো। তিনি জানান, শীত যতবাড়ে বেচাকেনাও তত বাড়ে। সারা বছর যা বেচাকেনা করি শীতের তিন মাস তার চেয়ে বেশি বেচাকেনা হয়। গত বছরের মত এবছরও ভালো বেচাকেনার আশা করছি।