Blog

  • কালিয়ায় গ্রাম্য শালিশকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির কর্মী আহত ৬

    কালিয়ায় গ্রাম্য শালিশকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির কর্মী আহত ৬

    নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের হাচলা গ্রামে একটি গ্রাম্য শালিশকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন বিএনপির কর্মীকে দেশীও অস্ত্রাঘাতে আহত করেছে প্রতিপক্ষরা। স্থানীয় সূত্রে জানা যায়, হাচলা গ্রামের মুজিবর ফকিরের ছেলে মামুনের সাথে ১৪ বছর আগে হাসান মোল্লার মেয়ে লিমার পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের ঘরে সন্তান না হওয়ায় মামুন দ্বিতীয় বিবাহের অনুমিত চায় সমাজ কর্তাদের কাছে। এ নিয়ে মামুন ও লিমার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
    এই দ্বন্দ্ব মেটাতে হাচলা সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে স্থানীয় ব্যক্তিবর্গ সালিশি মীমাংসার জন্যে উপস্থিত হলে সালিশের এক পর্যায়ে একই এলাকার রুবেল মোল্লা দেশীও অস্ত্র দিয়ে রশিদ মোল্লার ছেলে ইউনিয়ন বিএনপি’র সদস্য রকিবুল মোল্লা, সুবহান মোল্লার ছেলে ইউনিয়ন যুবদলের সদস্য মোজাহের মোল্লা, মতলেব মোল্লার ছেলে ইউনিয়ন কৃষক দলের সদস্য তারিকুল মোল্লা, আহাম্মদ সরদারের ছেলে ইউনিয়ন জামাতের রোকন মাহাতাব সরদার ও ওসমান মোল্লার ছেলে ইউনিয়ন বিএনপির সদস্য হাফিজ মোল্লা কে গুরুতর আহত করে।
    আহতরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় শুক্তগ্রাম বাজারের ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানান
    এ ঘটনায় সালিশির আহ্বায়ক ও কালিয়া উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক এনায়েত হোসেন মোল্লা বলেন, মুজিবরের ছেলে মামুন ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন একটি কলহ চলছিল। আমরা স্থানীয় ব্যক্তিরা তাদের কলহ মিটানোর জন্য হাচলা মন্দিরের সামনে বসেছিলাম। সালিশের একপর্যায়ে মফিজ মোল্লার ছেলে রুবেল মোল্লা অকথ্য ভাষা ব্যবহার করে এক পক্ষের উপর হামলা করে। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
    এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় সালিশ কে কেন্দ্র করে হাচলা গ্রামে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা জানতে পেরে কালিয়া থানা পুলিশ ও কালিয়া সেনা ক্যাম্পের সদস্যরা গঠনাস্থল পরিদর্শন করেছে এবং ওই এলাকার পরিস্থিতি বর্তমান স্বাভাবিক রয়েছে।

  • রহনপুর-আড্ডা সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

    রহনপুর-আড্ডা সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুপুরে ঘটে গেলো আরেকটি হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুল মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই যুবক-আশিক (২৮) ও আব্দুল্লাহ রুশো (৩০)।
    নিহত আশিক ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে এবং রুশো বড়গাছি গ্রামের মৃত আপেল মাহমুদের ছেলে। দু’জনই মোটরসাইকেলে করে গন্তব্যের পথে যাচ্ছিলেন। তেঁতুল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই তারা মোটরসাইকেলসহ ট্রাকের নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন।
    দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই সব শেষ-কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
    গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ মরদেহগুলো দেখেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
    হঠাৎ মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রাণপ্রিয় দুই তরুণের বিদায়ে স্তব্ধ তাদের পরিবার, বন্ধু ও পরিচিতজন। আবারও সড়কে অহরহ প্রাণহানির ঘটনার প্রতি নজরকাড়া প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে গেলো এই দুর্ঘটনা।

  • চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন-অদম্য নারীদের সংবর্ধনা

    চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন-অদম্য নারীদের সংবর্ধনা

    চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস উদযাপন-অদম্য নারীদের সংবর্ধনা

    “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উদ্যাপন করা হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫। দিবস উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান, আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান জেলার প্রশাসন ভবনকে উৎসবমুখর করে তোলে।

    মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াসিন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ। বেগম রোকেয়ার জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা উপস্থাপন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার।

    তিনি রোকেয়ার শিক্ষাবিস্তারে অসামান্য অবদান, নারী জাগরণে তাঁর অদম্য প্রচেষ্টা এবং মুসলিম নারীর সমাজ পরিবর্তনে তাঁর নেতৃত্ব তুলে ধরেন। বেগম রোকেয়া-নারী জাগরণের অগ্নিশিখা-বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২) ছিলেন উপমহাদেশের নারী শিক্ষার পথিকৃত, লেখক, সমাজসংস্কারক এবং নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত।

    তিনি নারীদের শিক্ষা ও অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। ১৯১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’, যা মুসলিম মেয়েদের শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করে। তাঁর রচিত সুলতানার স্বপ্ন, মতিচুর, অবরোধবাসিনী আজও নারীর মুক্তি ও প্রাপ্য অধিকার নিয়ে আলোচনার প্রেরণার উৎস।

    বেগম রোকেয়ার সম্মানে প্রতি বছর ৯ ডিসেম্বর জাতি উদযাপন করে “বেগম রোকেয়া দিবস”—নারী উন্নয়ন ও সমতার প্রতীকী দিন হিসেবে। অদম্য নারীদের সংবর্ধনা-দিনব্যাপী অনুষ্ঠানে জেলা পর্যায়ে ৫ জন এবং উপজেলা পর্যায়ে ২ জন সাফল্যবান নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন। নারীরা কেউ উদ্যোক্তা, কেউ সমাজসেবক, কেউ শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনকারী-প্রত্যেকেই তাঁদের দৃঢ় মনোবল, অধ্যবসায় ও জীবনসংগ্রামের গল্প দিয়ে উপস্থিতদের অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, সম্মাননা প্রাপ্ত নারীদের পরিবারবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া দিবসের এ আয়োজন নারীর ক্ষমতায়ন, অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

    “অদম্য নারী পুরস্কার”-২০২৫ কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য নারী’ হয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরুপ নগর গ্রামের মোঃরহযরত আলীর মেয়ে মোসাঃ শরিফা খাতুন, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সদর উপজেলার চকটোলা গ্রামের মোঃ ইয়াসিন আলীর মেয়ে মোসাঃ নিসাতারা খাতুন।

    সফল জননী নারী গোমস্তাপুর উপজেলার কাজিগ্রাম গ্রামের মোঃ নওসাদ আলীর মেয়ে মোসাঃ রোকেয়া বেগম। নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ভোলাহাট উপজেলার ময়ামারী গ্রামের নাজির হোসেনের মেয়ে মোসাঃ নাজিমা খাতুন। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের মোঃ সোহেল রানার মেয়ে সুমাইয়া ইসলাম।

    “অদম্য নারী পুরস্কার”-২০২৫ কর্মসূচির আওতায় সদর উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ অদম্য নারী হয়েছেন নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ গ্রামের মোঃ খাইরুল ইসলামের মেয়ে মোসাঃখালেদা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী গোবরাতলা ইউনিয়নের দক্ষিণ চরি মির্জাপুর গ্রামের মোঃ দুরুল হুদার মেয়ে মোঃ রহিমা খাতুন।

  • চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐকতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে দিবসটি। জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচিতে মুখর ছিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও আশপাশ এলাকা। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মানববন্ধন, আলোচনা সভা, দুর্নীতিবিরোধী শপথ গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

    বিশেষ অতিথি পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার শাখার উপ- পরিচালক উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, সভার সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ ইব্রাহিম হোসেন। কর্মসূচিতে শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতা, শিক্ষক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, দুর্নীতি কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, এটি সমাজের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে, উন্নয়নে বাধা সৃষ্টি করে এবং জনগণের আস্থাকে হুমকির মুখে ফেলে।

    তাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। ২০০৩ সালে জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশন (UNCAC) গৃহীত হওয়ার পর ৯ ডিসেম্বরকে বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বে দুর্নীতি প্রতিরোধে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রসমূহকে আরও কঠোর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করা এই দিবসের মূল লক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জেও এ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা উল্লেখ করেন-স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন এবং সামাজিক অংশগ্রহণ ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়। দিনব্যাপী কর্মসূচি শেষে তরুণদের মাঝে দুর্নীতিবিরোধী প্রচারণা সামগ্রী বিতরণ করা হয় এবং ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত করা হয়। চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত এই অনুষ্ঠানটি দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছ প্রশাসন নির্মাণের প্রতিশ্রুতি স্পষ্ট করে তোলে।

  • শিবগঞ্জে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

    শিবগঞ্জে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

    শিবগঞ্জে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

     

     চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে জানা গেছে। সোমবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবুপুর মোড় নামক স্থানে যুবদল কর্মীকে চাপাতি দিয়ে দুই পা ও দুই হাত কেটে গুরুতর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত যুবদল কর্মী নয়ন আলী, নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে। এর আগে সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় নামক স্থানে নয়নকে চাপাতি দিয়ে দুই পা ও দুই হাত কেটে গুরুতর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    বাবু স্থানীয় যুবদলের কর্মী এমনটি জানিয়েছেন স্থানীয়রা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস। জেলা হাসপাতালের সহকারি রেজিষ্টার ডা. ইসারুল ইসলাম তুষার জানান, দুই হাত ও পায়ে গুরুত্বর জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে পাঠানো হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নয়নকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নয়নের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘাতকদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

  • দেশে ধনী মানুষের চিকিৎসা আছে-কিন্তু গরীবদের নেই-ড. কেরামত আলী

    দেশে ধনী মানুষের চিকিৎসা আছে-কিন্তু গরীবদের নেই-ড. কেরামত আলী

    দেশে ধনী মানুষের চিকিৎসা আছে-কিন্তু গরীবদের নেই-ড. কেরামত আলী

    মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম চাহিদা হচ্ছে স্বাস্থ্য সেবা। দেশে অসহায় ও গরিব শ্রেণির মানুষরা চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত। দেশে ধনী মানুষের চিকিৎসা সেবা আছে, কিন্তু অসহায় ও গরিব মানুষদের চিকিৎসা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর, চাঁপাইনবাবগঞ্জ-১ ( শিবগঞ্জ) আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলী। তিনি মঙ্গলবার সকালে উপজেলা মোবারকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে তিনি এমন মন্তব্য করেন। ড. কেরামত আলী আরো বলেন, মানুষ তাঁর শারীরিক সুস্থতা চান সব সময়। শারীরিক সুস্থতার জন্য গরিব মানুষরা উন্নত চিকিৎসা করতে যেতে পারেন না। সেদিকে বিবেচনা করে জামায়াত দেশের প্রতিটি গ্রামাঞ্চলে অসহায় ও দরিদ্র গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন। আমরা চাই সকল শ্রেণির মানুষ শারীরিক ও মানসিক ভাবে সব সময় সুস্থ জীবনযাপন করুক। মোবারকপুর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কয়েস উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, মোবারকপুর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রবিউল ইসলাম জুয়েল সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

  • আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সনাকের র‌্যালি-মানববন্ধন

    আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সনাকের র‌্যালি-মানববন্ধন

    আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সনাকের র‌্যালি-মানববন্ধন

    আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে র‌্যালি-মানববন্ধন ও পথসভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে “দুর্নীতির বিরুদ্ধে, তারুণ্যের সঙ্গেদৃঢ়ভাবে একসাথে” প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ বাংলাদেশ এর অনুপ্রেরণায় সনাক চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সোনার মোড়স্থ সনাক কার্যালয় থেকে একটি র‌্যালি শুরু হয়ে সার্কিট হাউজ মোড়, কোর্ট চত্বও প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে শেষ হয়। র‌্যালি শেষে কলেজের সামনে মানববন্ধন ও পথসভা হয়। সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা’র সভাপতিত্বে পথসভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি উত্থাপন করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি মোঃ আসরাফুল আম্বিয়া সাগর, সনাক সদস্য মোঃ গোলাম ফারুক মিথুন, মোঃ মজিবুর রহমান, মোঃ জাহেদুল আবেদীন মিঠু, মোঃ এনামুল হক, ইয়েস দলনেতা কুশল কুমার শীল, ইয়েস সদস্য মোসাঃ নাজমিন খাতুন, মোঃ মিনাউর রহমান, বেসরকারি সংস্থা আইএফবিসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন মামুন, সুর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার মোসাঃ শামীমা খাতুন, ফুড ফর হাংগ্রী এর ম্যানেজার রিপন কিসকু, প্রশিকার শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, স্পেস এর প্রোজেক্ট ম্যানেজার মোঃ শাহজাহান আলী, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্য মোঃ আব্দুল হাকিম, রোহিতাস চন্দ্র পাল, মোসাঃ আঙ্গুরী বেগম, মোঃ মানিক আলী প্রমুখ। দিবসটি উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য নিম্নলিখিত দাবি সম্বলিত ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য অর্পিতা সেন ও মোঃ আব্দুল্লাহ মজুমদার। মানববন্ধনে সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম। মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সনাক, ইয়েস ও এসিজি সদস্য, টিআইবি কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

  • শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ॥ শিশু আহত

    শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ॥ শিশু আহত

    শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ॥ শিশু আহত

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ও এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত রেফাতুল্লাহ’র ছেলে আব্দুল বাসেদ (৮৫)। আহত শিশু শরিফুল ইসলামের ছেলে নিহত বৃদ্ধের নাতি আবু সায়েদ (৬)। পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধ সকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র নেয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে বাজারে যান। ছত্রাজিতপুর মাদ্রাসার সামনে রাস্তা পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি ধান বোঝাই বড় নসিমন সরাসরি ধাক্কা দিলে সাথে থাকা শিশুসহ সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধের মৃত্যু ও ৬ বছরের শিশুটি আহত হয়। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সত্যতা নিশ্চিত করেন।

  • নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

    নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

    নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

    নওগাঁয় শোভাযাত্রা, আলোচনা সভা এবং অদম্য নারীদের সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস/২৫ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রশাসকের দপ্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ আমেনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান। অন্যানের মধ্যে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন বক্তব্য রাখেন। এসময় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, ডেপুটি সিভিল সার্জন ডঃ মুনির আলী আকন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদিয়া ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ শামীমা খানম ( নওগাঁ সদর), নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী মোসাম্মৎ উম্মে সালিমা শালিমা (সাপাহার), শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসাম্মৎ সেলিনা আক্তার (পত্নীতলা), সফল জননী নারী মোমেনা বিবি (রানীনগর) এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান এর জন্য রফিজা (সাপাহার)’কে অদম্য নারী হিসেবে সন্মাননা দেয়া হয়েছে। এ ছাড়াও নওগাঁ সদর উপজেলা পর্যায়ে ৩ জন নারী’কে অদম্য নারী হিসেবে সন্মাননা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ শামীমা খানম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ছায়েবা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এমন নারী মোছাঃ আছমা আক্তার। তাঁরা ৩ জন নওগাঁ পৌরসভার নাগরিক।

  • নাচোলে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

    নাচোলে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

    নাচোলে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সামাজিক ঐক্য গড়ে তোলা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নাচোলে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু নারীর সমস্যা নয়; এটি সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রগতির অন্তরায়। শিক্ষা, সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ জোরদারের মাধ্যমে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন ও অনুকরণীয় অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নারীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত শ্রেষ্ঠ্য অদম্য নারীরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে নারী মোমেনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ফরিদা ইয়াসমিন, সফল জননী নারী হিসেবে জোৎস্না আরা খাতুন, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে শ্রীমতি মাধবী রানী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী ক্যাটাগরিতে মরিয়ম খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা হিসাবরক্ষক শহিদুল ইসলাম, নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।