Blog

  • নাচোলে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

    নাচোলে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

    নাচোলে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল, ”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার। উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আগামীর সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। আজকের এই প্রতিপাদ্য আমাদের সেই বার্তাই দিচ্ছে যে, তারুণ্যের একতাই পারে শুদ্ধতার ভিত্তি গড়তে। তিনি আরও বলেন, সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। সভাপতির বক্তব্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আওয়াল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতি একটি সমাজের মূল ভিত্তি নষ্ট করে দেয়। এই দিনে আমাদের শপথ নিতে হবে যে, আমরা ব্যক্তিগত ও সামাজিক জীবনে সব ধরনের দুর্নীতিকে না বলব। দুর্নীতি প্রতিরোধে কমিটি সর্বদা কাজ করে যাবে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিভিন্ন সুপারিশ পেশ করেন। আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা দুর্নীতি বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, ওসি আছলাম আলী, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান উপস্থিত ছিলেন।

  • গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ॥ পরিবার থেকেই সচেতনতার ডাক

    গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ॥ পরিবার থেকেই সচেতনতার ডাক

    গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ॥ পরিবার থেকেই সচেতনতার ডাক

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা চত্বরে আজ ছিল এক ভিন্ন আবহ। সকাল থেকেই তরুণ-শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া উপস্থিতি যেন বলছিল,“দুর্নীতির বিরুদ্ধে সমাজ আজ আরও সচেতন, আরও দৃঢ়প্রতিজ্ঞ।” আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভায় অংশ নিতে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে জড়ো হয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ বছরের প্রতিপাদ্য, ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’, যেন আরও জীবন্ত হয়ে ওঠে মানববন্ধনের সারি আর শিক্ষার্থীদের হাতে লেখা প্ল্যাকার্ডে। সকাল ১০টার দিকে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে শুরু হয় আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। তিনি বলেন, “দুর্নীতি শুধু একটি অপরাধ নয়, এটি একটি অভিশাপ। আর এই অভিশাপ থেকে জাতিকে রক্ষা করার প্রথম মঞ্চ হচ্ছে পরিবার। পরিবার থেকে যদি সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের শিক্ষা শুরু হয়, তবে সমাজের একেকটি ঘর দুর্নীতির বিরুদ্ধে দুর্গে পরিণত হবে।” সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন। বক্তারা একের পর এক পরিবারের ভূমিকা, সামাজিক দায়বদ্ধতা এবং সরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, “দুর্নীতি রোধে সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। জনগণের সহযোগিতা পেলে একটি উপজেলা থেকেও দুর্নীতি নির্মূল করা অসম্ভব নয়।” উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমদ এবং আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, সবাই একই সুরে বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণদের এগিয়ে আসতেই হবে। সভাকক্ষে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রহনপুর পৌরসভার সচিব খায়রুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। তরুণদের চোখে-মুখে ছিল নতুন স্বপ্ন, একটি স্বচ্ছ, সৎ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার। দিবসটি পালন শেষে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলেই এক সংকল্প জানান, পরিবার থেকে শুরু হবে সততার শিক্ষা, সমাজে ছড়াবে স্বচ্ছতার আলো, আর সেই আলোয় আলোকিত হবে আগামীর বাংলাদেশ।

  • গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

    গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

    গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

    ‘দুর্নীতির রিরুদ্ধে তারুণ্যের এক একতা; গড়বে আগামী শুদ্ধতা’-এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন জেলা প্রশাসক চত্ত্বরে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদার রহমান মোল্লা।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস্্ সালাম, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, দুনীতি দমন কমিশনের সহকারী পরিচালক এ.কে.এম নূরে আলম সিদ্দিকসহ অন্যান্যরা।

  • সিংড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

    সিংড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

    সিংড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

    “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ রিফাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল কবির, সদস্য সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহমেদ রফিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ প্রমূখ।

  • পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় গরু আটক

    পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় গরু আটক

    পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় গরু আটক

    নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত নিতপুর বিওপি সদস্যরা মঙ্গলবার নয়টার দিকে নিতপুর সীমান্তের মেন পিলার ২৩০ নং হতে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার সুবেদার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে টেট্টা গ্রামের ‘সাধুর ডীপ’ নামক স্থানে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ০১টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

  • শিবগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় হট্টগোল-পরে সমাধানে প্রশাসন

    শিবগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় হট্টগোল-পরে সমাধানে প্রশাসন

    শিবগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় হট্টগোল-পরে সমাধানে প্রশাসন

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ।
    সভায় বক্তব্য দিতে গিয়ে আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ অভিযোগ করেন, “প্রস্তুতিমূলক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথাযথভাবে স্মরণ করা হয়নি।”
    তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী বলেন, “১৭ বছর আওয়ামী লীগ বীর উত্তম জিয়াউর রহমানকে রাজাকার বলেছে, তখন কেউ প্রতিবাদ করেননি। আজকের সভা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি নিয়ে—এখানে রাজনৈতিক বিতর্কের জায়গা নেই।”

    উভয়ের পাল্টাপাল্টি বক্তব্যে সভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়লে সভার সভাপতি ইউএনও আশিক আহমেদ সভা সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন। পরে সাংবাদিকরা বিষয়টি নিয়ে অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা জানান, “ঘটনা ধামাচাপা দিয়ে সমঝোতার ভিত্তিতে মীমাংসা করা হয়েছে।”
    এ বিষয়ে ইউএনও আশিক আহমেদ বলেন, “একজন মুক্তিযোদ্ধা অপ্রাসঙ্গিক প্রসঙ্গ তুললে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষকে নিয়ে বসে পরিস্থিতি সম্পূর্ণ সমাধান করা হয়েছে। বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা যথাযথভাবে সম্পন্ন হয়েছে।”
    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবস দু’টি উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি সাজানো হয়েছে।

  • হঠাৎ শীতে কাঁপছে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ ॥ শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ-বাড়ছে শীতবস্ত্রের চাহিদা

    হঠাৎ শীতে কাঁপছে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ ॥ শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ-বাড়ছে শীতবস্ত্রের চাহিদা

    হঠাৎ শীতে কাঁপছে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ ॥ শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ-বাড়ছে শীতবস্ত্রের চাহিদা

    হঠাৎ করেই শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে সকাল-সন্ধ্যা জুড়ে। ভোরে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুর, ভ্যানচালক, কৃষি-শ্রমিক ও পথচারীরা।
    স্থানীয় আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের পূর্বাভাসের প্রভাবে হঠাৎ করে শীতের প্রকোপ বেড়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর তথ্য অনুযায়ী, শীতকালে উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া শীতল বায়ু ও আকাশ পরিষ্কার থাকায় রাতে দ্রুত তাপমাত্রা কমে যাচ্ছে। ফলে দিনের শুরুতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি।
    নবাবগঞ্জ শহরের বাসস্ট্যান্ড, রহনপুর, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, সকাল বেলায় ভ্যানচালক ও রিকশাচালকদের বেশিরভাগই গায়ে মোটা কাপড় জড়িয়েই রাস্তায় বের হচ্ছেন। অনেকেরই পর্যাপ্ত শীতবস্ত্র নেই। দিনমজুররা বলছেন, শীত বাড়লে কাজের পরিমাণ কমে যায়, অথচ মৌসুমটাই তাদের আয়ের জন্য গুরুত্বপূর্ণ।
    এক ভ্যান চালক বলেন, “ভোরে বের হলে হাত-পা অবশ হয়ে যায়। গরম কাপড় না থাকলে কাজ করাই কষ্টকর হয়ে পড়ে।”
    অন্যদিকে কৃষি শ্রমিকদেরও মাঠে কাজ করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। কুয়াশার কারণে সকাল দেরিতে মাঠে নামতে পারছে অনেকেই।
    শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে শীতবস্ত্রের বাজার। জেলা শহরের কাপড়ের দোকান, ফুটপাত ও হাটবাজারে কম্বলের বিক্রি বেড়েছে কয়েকগুণ। নিম্ন আয়ের মানুষের জন্য তুলনামূলক সস্তা কম্বলই বেশি বিক্রি হচ্ছে।
    এক দোকানি জানান, “হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় গত কয়েকদিনে কম্বলের বিক্রি অনেক বেড়েছে।”
    এছাড়া লেপ-তোষক কারিগরদের কাছেও বাড়ছে অর্ডার। অনেকে পুরোনো লেপ মেরামত করাচ্ছেন, আবার কেউ নতুন লেপ তৈরি করাচ্ছেন শীতের প্রস্তুতির জন্য।
    চিকিৎসকরা বলছেন, হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট, সর্দি-কাশি, জ্বর ও নিউমোনিয়ার ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে যাদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। চিকিৎসকদের পরামর্শ—ভোর ও গভীর রাতে বাইরে যাওয়া এড়িয়ে চলা, গরম কাপড় ব্যবহার এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নেওয়া।
    শীতের এই সময়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ। অনেক স্থানে স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে বাড়ানো গেলে শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব পাবে।
    হঠাৎ বেড়ে যাওয়া শীতের এই তীব্রতা তাই শুধু প্রকৃতির পরিবর্তন নয়, এটি হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের এক বড় চ্যালেঞ্জ। শীত যত বাড়বে, ততই প্রয়োজন হবে মানবিক সহযোগিতা ও সচেতনতার।

  • নাচোলে সাংবাদিকদের সাথে জামাতের এমপি প্রার্থী ড. মু.মিজানুর রহমানের মতবিনিময় সভা

    নাচোলে সাংবাদিকদের সাথে জামাতের এমপি প্রার্থী ড. মু.মিজানুর রহমানের মতবিনিময় সভা

    নাচোলে সাংবাদিকদের সাথে জামাতের এমপি প্রার্থী ড. মু.মিজানুর রহমানের মতবিনিময় সভা

     

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন জামাতের এমপি মনোনীত প্রার্থী ড. মু.মিজানুর রহমান।
    ৮ই ডিসেম্বর সোমবার, বেলা ১১টায় নাচোল মধ্যবাজার নির্বাচনী জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইয়াহ্ইয়া খালেদ, সহকারি সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা, ইয়াকুব আলী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাচোল উপজেলা, মনিরুল ইসলাম, আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাচোল পৌরসভা, ডা.রফিকুল ইসলাম, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাচোল পৌরসভা, খালিলুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,

    নাচোল পৌরসভা, ইসমাইল হোসেন, সহকারি সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাচোল পৌরসভা। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মু. মিজানুর রহমান বলেন, আমি ভোটে নির্বাচিত হলে তিন থানার সামগ্রিক সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। নাচোল থানার পানির সমস্যা, মাদক নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, নারীদের নায্য অধিকার প্রতিষ্ঠা, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ, যুবকদের যুগোপযোগী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণসহ যাবতীয় সমস্যার সর্বোচ্চ সমাধানের আশ্বাস দেন জামাতের এ প্রার্থী। তিনি আরও বলেন, দুর্নীতির শিকড়কে গোড়া থেকে নির্মূল করে জনগণের সর্বোচ্চ অধিকার ও নিরাপত্তা দান করায় হবে আমার উদ্দেশ্য।
    শেষে ড.মু.মিজানুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশ ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কাজে সর্বোচ্চ সততা প্রদর্শন করবেন ও নিজ পেশায় জবাবদিহিতার মাধ্যমে সমাজের যাতে সার্বিক উপকার সাধিত হয়, সে ব্যাপারে দৃষ্টিপাত করবেন।

  • ভালুকা মুক্ত দিবস পালিত

    ভালুকা মুক্ত দিবস পালিত

    ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
    সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
    পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা, আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
    পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দলীয় মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ

    নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ

    নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ

    নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ -সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ২০০ টি ছাগল ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

    সোমবার (৮ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ১০০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার প্রধানের মাঝে ২টি করে ব্লাক বেঙ্গর জাতের ছাগল ও ৫টি ফ্লোর ম্যাড বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ রিফাত।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ প্রমূখ।